ভোট দিতে এসে ফোন খোয়ালেন কবরী

সিলেট নিউজ বিডি: শুক্রবার বিএফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে ফোন খোয়ালেন অভিনেত্রী সারাহ বেগম কবরী। ফোন খোয়া যাওয়ায় ক্ষোভদ্্য হয়ে এফডিসি ছাড়েন তিনি।

সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও কবরী ভোট দিতে আসেন বিকালে। শিল্পী সমিতির কার্যালয়ে ভিড়ের মধ্যে তার ফোনটি হারিয়ে যায়। অনেক খুঁজেও ফোনটি পাওয়া যায়নি। শেষে ক্ষোভ জানান তিনি। এফডিসির পরিবেশ নিয়েও প্রশ্ন তোলেন কবরী।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনটি প্যানেল। এক প্যানেলে সভাপতি পদপ্রার্থী ওমর সানি। একটি প্যানেলে আছেন সভাপতি প্রার্থী মিশা সওদাগর। তৃতীয় প্যানেলের সভাপতি প্রার্থী ড্যানি সিডাক। তারকারা তাদের পছন্দের সভাপতি নির্বাচিত করার জন্য ভোট দিতে এফডিসিতে আসছেন। সকাল থেকেই এফডিসিতে উৎসব মুখর পরিবেশ।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মনতাজুর রহমান আকবর। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন নাজমূল হুদা মিন্টু ও পীরজাদা শহীদুল হারুন।

নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুসারে, তিন প্যানেল থেকে মোট ৫৭ প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।