সিলেট নিউজ বিডি: চিত্রনায়ক নিরব মেয়ে সন্তানের বাবা হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার স্ত্রী তাশফিয়া ঋদ্ধি একজন মেয়ে সন্তানের জন্ম দেন। সদ্য জন্ম নেয়া ফুটফুটে মেয়ে সন্তান পেয়ে নিরব-ঋদ্ধি দম্পতি খুশি। তবে এখনি মেয়ের ছবি ফেসবুকে দিচ্ছেন না নিরব।
নিরব বলেন, ‘আমি সুন্দর এক মেয়ের বাবা হয়েছি। এটা সত্যিই অনেক আনন্দের। মেয়ের কথা চিন্তা করেই কোন ছবি ফেসবুকে দিচ্ছি না। বাসা থেকে নিষেধাজ্ঞা আছে। মেয়ের মা ঋদ্ধি ভাল আছে। আমরা অনেক খুশি।’
নিরব তার মেয়ের নাম রেখেছেন- সুহাইমা হোসেন যুওয়াইনাহ্।
আরো বলেন, ‘বাচ্চাটা সিজারে হয়েছে তাই ঋদ্ধিকে আরো দুদিন হাসপাতালে থাকতে হবে। একটু সুস্থ হলেই বাসায় নিয়ে যাবো।’
২০১৪ সালের ফেব্রুয়ারিতে নিরব-ঋদ্ধির পরিচয় হয়। এরপর ১০ ফেব্রুয়ারি তাদের প্রথম কথা, ২১ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় প্রথম দেখা। এরপর ধীরে ধীরে তাদের যোগাযোগ প্রেমে রূপ নেয়। ওই বছরের ২৬ ফেব্রুয়ারি তারা বিয়ে করেন।
Sylhetnewsbd Online News Paper