পাকিস্তানের আমন্ত্রণে লঙ্কান ক্রিকেট দল ‘না’

সিলেট নিউজ বিডি ডেস্ক: পাকিস্তানে ক্রিকেট ফেরাতে মরিয়া দেশটির কর্তারা। কিন্তু কিছুতেই হালে পানি পাচ্ছেন না তারা। সর্বশেষ কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে লাহোরে পাকিস্তান সুপার লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়। কিন্তু তাতেও মন ভরাতে পারেনি অন্যান্য ক্রিকেট দেশের।

এবার লঙ্কান ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়ে ‘না’ শুনতে হলো পাকিস্তানকে। মূলত নিরাপত্তার প্রশ্নে পিছু হটল শ্রীলঙ্কা। লাহোরে এসে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু সদ্য লাহোরে জঙ্গি হানার জেরে সেই প্রস্তাব বাতিল করে দিয়েছে শ্রীলঙ্কা বোর্ড।

পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা শ্রীলঙ্কার। আরব আমিরাতে এই সিরিজ হওয়ার কথা। তবে পাক বোর্ড চেয়েছিল কমপক্ষে দুটি ম্যাচ পাকিস্তানে হোক। কিন্তু শ্রীলঙ্কা ‘না’ বলায় বেজায় চটেছেন পাক বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। তার দাবি শুধু পাকিস্তান নয় গোটা বিশ্বে জঙ্গি নাশকতা চলছে। তার মধ্যেও খেলাধুলা চলছে। শুধু নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে ম্যাচ খেলতে না আসা অনস্বীকার্য বলে বক্তব্য শাহরিয়ারের।

প্রসঙ্গত, ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর হামলার পর লাহোর ভ্রমণে খেলোয়াড়দের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গেল ৮ বছরে এক জিম্বাবুয়ে ও বাংলাদেশ নারী দল ছাড়া আর কেউ যায়নি পাকিস্তানে। এরপর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড আরব আমিরাতকে তাদের হোম ম্যাচের জন্য ভেন্যু হিসেবে বেছে নেয়।