সিলেট নিউজ বিডি ডেস্ক: বেশ কয়েকদিন থেকে ফর্মে নেই বাংলাদেশ দলের দুই টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার এবং ইমরুল কায়েস।
তবে আসছে সাউথ আফ্রিকা সফরে বোধহয় শেষ সুযোগটা পাচ্ছেন তারা। আজ মিরপুরে দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু তেমন ইঙ্গিতই দিলেন।
‘সাউথ আফ্রিকা সফর বেশ চ্যালেঞ্জিং। আমাদের নতুন যারা আছে তারা ওই লেভেলে খেলার জন্য উপযুক্ত না। এই সিরিজে তাদের নিলে ক্যারিয়ার হুমকির মুখে পড়তে পারে। আমরা তাদের ঝুঁকির মধ্যে ফেলতে চাই না।’
ইমরুল-সৌম্য ইদানীং ভালো না করলেও তাদের কিছু ইনিংস রয়েছে উল্লেখ করে নান্নু বলেন, ‘সাউথ আফ্রিকা সফরে অভিজ্ঞতা বড় একটি বিষয়। ইমরুল দীর্ঘদিন ধরে দলে আছে। সৌম্য সরকারও মোটামুটি অভিজ্ঞ। তাই আমরা এই সফরে তাদের বিবেচনা করেছি। যদিও অস্ট্রেলিয়া সফরে তারা ভালো করেনি। কিন্তু অতীতে তারা কিছু ভালো ইনিংস খেলেছে। ইমরুল স্কোয়ার অব দ্য উইকেটে ভালো খেলে। বাউন্সি উইকেটে সৌম্য ভালো। যে কারণে আমরা তাদের আরেকটি সুযোগ দিয়েছি।’
দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই আফ্রিকা উড়াল দেবে টিম বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট শুরু আগামী ২৮ সেপ্টেম্বর। মূল লড়াইয়ের আগে ২১ সেপ্টেম্বর বোনোনিতে তিন দিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে টাইগাররা। প্রথম টি-টোয়েন্টি রাত ১০টায় আর দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬.৩০টায়। এছাড়া বাকি সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে গড়াবে।
Sylhetnewsbd Online News Paper