সিলেট নিউজ বিডি ডেস্ক:বাংলাদেশের তৈরি পোশাকের নতুন বাজার হবে ইউরোপের দেশ জর্জিয়া। ঢাকা সফররত দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জালাগানিয়ার সঙ্গে বিজিএমইএ নেতাদের অনুষ্ঠিত বৈঠকে এমন আশা প্রকাশ করা হয়।
সোমবার রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিএমইএ ও জর্জিয়া সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দু’দিনের সফরে সোমবার ঢাকায় আসেন ডেভিড জালাগানিয়া।
বৈঠকে বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ জর্জিয়া। বাংলাদেশের তৈরি পোশাক কারখানা ও পোশাকের বিষয়ে তাদের যথেষ্ট আগ্রহ রয়েছে।
তিনি আরো বলেন, জর্জিয়া সরকারের শীর্ষ পর্যায়ের এ সফরের মাধ্যমে দেশটির সঙ্গে বিনিয়োগের পথ আরো প্রসারিত হবে। তারা আমাদের শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে। বর্তমানে দেশটিতে বাংলাদেশের মোট রপ্তানির এক মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। আগামীতে রপ্তানি আরো বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে জর্জিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জালাগানিয়া বলেন, দক্ষিণ এশিয়ার শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। জর্জিয়া ছোট দেশ হলেও ইউরোপীয় ইউনিয়নের সহোযোগী সদস্য। আমাদের রয়েছে পর্যাপ্ত বিদ্যুৎ। তবে ওষুধ ও কৃষি খাতে আমাদের ঘাটতি আছে। বাংলাদেশি ব্যবসায়ীরা এ সুযোগ গ্রহণ করতে পারেন।
আনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জর্জিয়ার রাষ্ট্রদূত আর্চিল ডি জুলিয়াস ভিলি বলেন, ডুয়িং বিজনেস সূচকে (ব্যবসায়িক পরিবেশ) জর্জিয়া এগিয়ে। আমাদের অভিজ্ঞতা নিয়ে কাজ করলে অনেক ক্ষেত্রে উপকার পাবে বাংলাদেশ।
বৈঠকের শুরুতে বাংলাদেশের গার্মেন্টস শিল্প সম্পর্কে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। পরে বিজিএমইএ সভাপতি বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের অবদান তুলে ধরেন।
Sylhetnewsbd Online News Paper