সিলেট নিউজ বিডি ডেস্ক: রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের গণহত্যার নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে মিয়ানমারের নেত্রী সু চি সরকারের নেয়া পদক্ষেপকে সমর্থনও করেছে।
বেইজিং প্রতিনিধির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, ‘চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, রাখাইন রাজ্যের সহিংসতার নিন্দা করছে চীন। আমরা রাখাইন রাজ্যে ‘শান্তি ও স্থিতিশীলতা’ বজায় রাখতে মিয়ানমারের প্রচেষ্টা সমর্থন করি। আমরা আশা করছি, শিগগিরই সেখানে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে।’
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং এভাবেই দ্বিমুখী সমর্থন দিয়েছেন মিয়ানমার সরকারকে। তিনি আরো বলেছেন, ‘মিয়ানমার সরকার তাদের জাতীয় উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার যে চেষ্টা করছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তার পাশে থাকা।’
আগামীকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক বসতে যাচ্ছে। এ বৈঠকে কোন দেশ কী অবস্থান নেবে তা নিয়ে চিন্তাভাবনা চলছে। তবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার সোমবার (১১ সেপ্টেম্বর) রাখাইনের ঘটনাকে ‘টেক্সটবুক এথনিক ক্লিনজিং’ বা জাতিগত শুদ্ধি অভিযান হিসেবে বর্ণনা করেছেন। এ বক্তব্যের পরই জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পরিষদের বৈঠক বসতে যাচ্ছে।
ব্রিটেন ও সুইডেনের অনুরোধেই রোহিঙ্গা ইস্যুতে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper