সিলেট নিউজ বিডি ডেস্ক: উল্টো পথে চলে গতকাল রোববার ধরা পড়ে মামলা হয়েছিল পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মাহফুজা সুলতানার গাড়িচালকের বিরুদ্ধে। আজ আবারও উল্টো পথে গাড়ি চালিয়ে ধরা পড়েছেন সেই চালক। গতকাল তিনি ধরা পড়েছিলেন হেয়ার রোডে আর আজ ধরা পড়েছেন বাংলা মোটরে।
গতকাল একই গাড়িতে সেই চালক বাবুল মোল্লা রাজধানীর হেয়ার রোডে উল্টো পথে চলায় ট্রাফিক পুলিশ মামলাসহ জরিমানা করেছিল।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে আবার বাংলামোটরে উল্টো পথে চলা গাড়ি ও চালকদের বিরুদ্ধে অভিযান শুরু হয়।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমেদ, যুগ্ম কমিশনার ট্রাফিক দক্ষিণ মফিজউদ্দিন আহমেদ, উপকমিশনার দক্ষিণ রিফাত আহমেদ শামীমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিএমপি’র দক্ষিণ ট্রাফিক বিভাগের রমনা জোনের সহকারী কমিশনার মো. আলাউদ্দিন বলেন, বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালানো হয়। বাংলামোটরে ২ ঘণ্টার অভিযানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের গাড়ি আটকানো হয়। সচিব মাফরুহা সুলতানার গাড়ি চালক ছিলেন বাবুল মোল্লা।
Sylhetnewsbd Online News Paper