প্রধানমন্ত্রীর সফল অস্ত্রোপচারে ওবায়দুল কাদেরের শুকরিয়া আদায়

সিলেট নিউজ বিডি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থানরত প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গলব্লাডারে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে জানানো হয়, ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনার জন্য দলীয় নেতা-কর্মী, সমর্থক-শুভানুধ্যায়ী এবং দেশবাসীর প্রতি অনুরোধ জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল কারিম জানান, ২৫ সেপ্টেম্বরের আগে প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গল-ব্লাডারে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

এ সময় প্রধানমন্ত্রীর পাশে তাঁর ছোট বোন শেখ রেহানা এবং পুত্র সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। সফল অস্ত্রোপচার শেষে একদিন পর প্রধানমন্ত্রী তাঁর আবাসস্থল এ ফিরে আসেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন। প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। আগামী ৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন।