আইএসআই-এর ওপর নিয়ন্ত্রণ নেই পাকিস্তান সরকারের : মার্কিন সেনাপ্রধান

সিলেট নিউজ বিডি ডেস্ক: পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে জঙ্গিদের সম্পর্ক রয়েছে এবং তারা নিজেদের মতো করে পররাষ্ট্রনীতি চালায়। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন মার্কিন সেনাবাহিনীর প্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড।

স্বাভাবিকভাবেই মার্কিন সেনাপ্রধানের এই অভিযোগ খারিজ করে দিয়েছে পাকিস্তান।
মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে ফরেন রিলেশনস কমিটির একটি বৈঠকে মার্কিন সিনেটর জো ডোনেলির প্রশ্নের জবাবে জোসেফ ডানফোর্ড বলেন, এটা এখন আমার কাছে স্পষ্ট যে আইএসআই-এর সঙ্গে জঙ্গি সংগঠনগুলির যোগ রয়েছে। গত কয়েক বছর ধরেই আমেরিকা দ্বিপাক্ষিকভাবে পাকিস্তানের এই আচরণের পরিবর্তন করতে চাইছে। তবে তাদের আচরণ বদলাবে না বলেই মনে করেন তিনি।

এই বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসও আইএসআই-কে নিয়ে কড়া মনোভাব দেখান। তিনি বলেন, পাক গোয়েন্দা সংস্থা একেবারেই নিজের মতো কাজ করে চলেছে। পাকিস্তান সরকারের কোনো নিয়ন্ত্রণই নেই তার নিজস্ব গোয়েন্দা সংস্থার ওপর। আইএসআই নিজস্ব পররাষ্ট্রনীতিও চালাচ্ছে।

এদিকে মঙ্গলবারই তিন দিনের সফরে ওয়াশিংটন পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠক করবেন তিনি। গত সপ্তাহেই জাতিসংঘের সাধারণ সভায় পাকিস্তানে সন্ত্রাসবাদের জন্য আমেরিকাকেই দায়ী করেছিলেন তিনি। এমনকি হাক্কানি বা হাফিজ সাঈদকে পাকিস্তানের বোঝা বলেও মন্তব্য করেছিলেন তিনি।

সূত্র: ওয়ান ইন্ডিয়া