সিলেট স্টেডিয়ামের বিপিএলে টিকিট চার ক্যাটাগরিতে

সিলেট নিউজ বিডি ডেস্ক: আগামি ৪ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের যাত্রা। এবারের বিপিএলের প্রথম রাউন্ড হবে সিলেট স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে নবাগত ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।

সিলেট স্টেডিয়ামে বিপিএলের টিকিট বিক্রি হবে চার ক্যাটাগরিতে। গ্র্যান্ড ষ্ট্যান্ড, ক্লাব হাউস, গ্রীণ গ্যালারী ও গ্যালারী ক্যাটাগরিতে দর্শকরা বসে খেলা দেখতে পারবেন। বিসিবি এখনো বিপিএলের টিকিট মূল্য নিশ্চিত করেনি। কাদের মাধ্যমে টিকিট বাজারে ছাড়া হবে সেটাও এখনো টিক করেনি ক্রিকেট বোর্ড। তবে একটি সূত্র জানিয়েছে ইউসিবি ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রি হতে পারে। তাছাড়া ম্যাচের আগে স্টেডিয়ামের সংশ্লিষ্ট বুথে টিকিট বিক্রি করা হবে। অনলাইনেও পাওয়া যাবে টিকিট।

সিলেটের স্থানীয় একটি সূত্র জানিয়েছে, গ্র্যান্ড ষ্ট্যান্ডের টিকিট এক হাজার থেকে দুই হাজার টাকা মধ্যে পাওয়া যেতে পারে। ক্লাব হাউসের টিকিট দাম রাখা হতে পারে ৩শ টাকা। গ্রীণ গ্যালারীর টিকিট পাওয়া যেতে পারে দেড় থেকে দুইশ টাকায়। আর গ্যালারীর টিকিট মিলতে পারে ১শ টাকায়। তবে এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি। বিসিবি আগামি সাপ্তাহ খানেকের মধ্যে টিকিটের ব্যাপারে বিস্তারিত জানাবে।