মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন সেবা চালু

সিলেট নিউজ বিডি ডেস্ক: দেশে প্রথমবারের মত চালু হলো মোবাইল ফোন নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন করার সুবিধা। মঙ্গলবার বিটিআরসির সম্মেলন কক্ষে বাংলাদেশ ও স্লোভেনিয়ার যৌথ কনসোর্টিয়াম ইনফোজিলিয়ান বিডি টেলিটেককে এ সেবা প্রদানের নোটিফিকেশন পত্র প্রদান করা হয়।
এসময় বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, কমিশনের বিভিন্ন বিভাগের কমিশনার, মহাপরিচালক এবং লাইসেন্সের জন্য নোটিফিকেশন প্রাপ্ত প্রতিষ্ঠান ইনফোজিলিয়ান বিডি টেলিটেকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইনফোজিলিয়ান ছাড়াও মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) নামের এই সেবা প্রদানের জন্য আরও চারটি কনসোর্টিয়াম সরকারি ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বাংলাদেশ ও লিথুনিয়ার যৌথ কোম্পানি গ্রিন টেক মিডিয়াফোন লি., ব্রাজিল বাংলাদেশ কনসোর্টিয়াম, বাংলাদেশ ও পোল্যান্ডের যৌথ কোম্পানি রিভ নম্বর লি. এবং বাংলাদেশ ও মিসরের যৌথ কোম্পানি রয়েল গ্রিন লি.। এমএনপি লাইসেন্স প্রদান সংক্রান্ত টেন্ডার কার্যক্রমে অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে ইনফোজিলিয়ান সর্বোচ্চ নম্বর পেয়ে এ সেবা প্রদানের যোগ্যতা অর্জন করে।