সিলেট নিউজ বিডি ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভিয়েতনামে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা এপেক সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ‘ফলপ্রসু আলোচনা’ হয়েছে। এপেক শীর্ষ সম্মেলনের সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
যদিও সম্মেলনে দুই প্রেসিডেন্টের এই সাক্ষাৎ ছিল খুবই সংক্ষিপ্ত এবং অনির্ধারিত। তাদের মধ্যে আনুষ্ঠানিক দ্বি-পাক্ষিক কোন আলোচনা হয়নি।
একইসঙ্গে ট্রাম্প তার সমালোচকদের ‘নিন্দুক ও বোকার দল’ অভিহিত করে লিখেছেন, তারা দুই দেশের সম্পর্ক ভালো করার ব্যপারে উৎসাহী না একেবারেই।
ডোনাল্ড ট্রাম্পের ভাষ্যমতে, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন ভ্লাদিমির পুতিন।
এ ঘটনায় রুশ প্রেসিডেন্ট অপমাণিত বোধ করেছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, মি. পুতিন বলেছেন যে তিনি হস্তক্ষেপ করেননি।
এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, এই ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট খুব অপমাণিত হয়েছেন এবং এটি যুক্তরাষ্ট্রের জন্যে মোটেই ভালো কিছু নয়।
অবশ্য যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ওই রুশ হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে তদন্ত করছে। বিশেষ তদন্তকারী হিসেবে রবার্ট মুলারকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এরই মধ্যে ট্রাম্পের সাবেক কয়েকজন সহযোগীর নামও উঠে এসেছে সেখানে।
Sylhetnewsbd Online News Paper