সিলেট নিউজ বিডি ডেস্ক: মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্ব বরাবরই প্রশংসিত। নতুন করে এটি নিয়ে বলার কিছু নেই। বিপিএলের পঞ্চম আসরের ম্যাচে শনিবারই প্রশংসা কুড়ালেন রংপুর রাইডার্সের অধিনায়ক। চিটাগং ভাইকিংসের বিপক্ষে জিততে দলের সামনে যখন কঠিন চ্যালেঞ্জ ঠিক তখন সবাইকে চমকে দিয়ে ওয়ানডাউনে ব্যাটিংয়ে নামেন মাশরাফি। আউট হওয়ার আগে দৃষ্টিনন্দন শটে প্রতিপক্ষ সমর্থকদেরও মুগ্ধ করেন ম্যাশ। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলে জয়ের স্বপ্ন দেখান রংপুরের অধিনায়ক।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগংয়ের ছুড়ে দেয়া ১৭৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫.২ ওভারের মাথায় দলীয় ৩২ রানের মাথায় ব্রেন্ডন ম্যাককালামের উইকেট হারায় রংপুর রাইডার্স। ঠিক তখনই ক্রিজে আসেন মাশরাফি। সানজামুল ইসলামের বলে বোল্ড হয়ে ফেরার আগে ১৭ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় খেলেন ৪২ রানের ঝোড়ো ইনিংস। দুর্দান্ত ব্যাটিংয়ের পথে ক্রিস গেইলকে নিয়ে ২৬ বলে ৬০ রানের অনবদ্য জুটি গড়েন মাশরাফি।
মুখোমুখি দ্বিতীয় বলে চার হাঁকিয়ে শুরু করেন মাশরাফি। সৌম্য সরকারের করা ইনিংসের সপ্তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলেও হাঁকান টানা চার। ততক্ষণে চাপমুক্ত হয়ে ওঠার প্রয়াস পায় রংপুর।
আল-আমিনের করা অষ্টম ওভারের দ্বিতীয় বলে চার এবং পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে যেন রংপুরের দর্শকদের জানান দিলেন, চিন্তা করো না; আমি আছি। স্টিয়ান ফন জিলের করা ইনিংসের নবম ওভারে লং অফের ওপর দিয়ে ছক্কা হাঁকান মাশরাফি। একই ওভারে গেইল একটি করে চার-ছক্কা হাঁকিয়ে রংপুরকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন।
স্ট্যাটেজিক টাইম আউটের পর খেলা শুরু হতেই মাশরাফির চমক। সানজামুলের করা ইনিংসের দশম ওভারের প্রথম বলে পাওয়ার হিটিংয়ে ছক্কা হাঁকান মাশরাফি। অবশ্য একই ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। তাতে কী! দলকে তো জেতার মতো অবস্থায় রেখে যেতে পেরেছেন ম্যাশ।
Sylhetnewsbd Online News Paper