সিলেট নিউজ বিডি ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেওয়ায় আগামী ১৩ ডিসেম্বর বেলা ১১টায় মার্কিন দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে আগামী রবিবার বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।
শুক্রবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে এক বিক্ষোভ মিছিল থেকে এ ঘোষণা দেন দলটির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী।
ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণার প্রতিবাদে আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক থেকে পৃথক বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর শাখা। বিক্ষোভ মিছিলগুলো পুরানা পল্টন ও দৈনিক বাংলা মোড় হয়ে উত্তর ফটকে এসে শেষ হয়। এ কর্মসূচি পালনকালে এই দুই মোড়ে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
এ সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের ‘কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো’, ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিনি স্বাধীন করো’ প্রভৃতি স্লোগান দেন।
প্রসঙ্গত, গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।
Sylhetnewsbd Online News Paper