সিলেট নিউজ বিডি ডেস্ক: ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর স্কুল শিক্ষার্থীদের ৩৩ সদস্যের একটি প্রতিনিধি দল চার দিনের সৌজন্য সফর শেষে সড়ক পথে গতকাল সন্ধ্যায় বেনাপোলে আইসিপি হয়ে ভারতে ফিরে গেছে। বিজিবি’র পক্ষ থেকে বেনাপোলে তাদের বিদায় জানানো হয়।
৩৩ সদস্যের প্রতিনিধিদলে ৩১ জন শিক্ষার্থী এবং বিএসএফ’র দুইজন কর্মকর্তা ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ’র মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দপূর্ণ সম্পর্ক আরো জোরদারের লক্ষ্যে এ সফরের আয়োজন করা হয়েছে।
প্রতিনিধিদলটি বাংলাদেশ সফরকালে পিলখানাস্থ বিজিবি যাদুঘর, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ এবং রাজধানীর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে। এ ছাড়া বিজিবি ও বিএসএফ’র স্কুল শিক্ষার্থীরা যৌথভাবে পিলখানায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
প্রতিনিধিদল গতকাল বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় বিজিবি মহাপরিচালক ও তাঁর সহধর্মিনী বেগম রওশন আরা হোসেন তাদের শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, এর আগে বিএসএফ’র আমন্ত্রণে বিজিবি’র স্কুল শিক্ষার্থীদের ৩৫ সদস্যের একটি প্রতিনিধিদল সম্প্রতি ভারতের শিলং এ সৌজন্য সফর করে।
Sylhetnewsbd Online News Paper