খোশমেজাজে পরিবারের সঙ্গে রোনালদো

সিলেট নিউজ বিডি ডেস্ক: পঞ্চমবারের জন্য ব্যালন ডি’অর জিতে মেসির নজিরে থাবা বসানো হয়ে গিয়েছে রেনালদোর। সদ্য রিয়ালের জার্সিতে ক্লাব বিশ্বকাপও জিতেছেন ৩২ বছরের এই সুপারস্টার।

সামনে এবার এল ক্লাসিকোর লড়াই। ২৩ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগের সেই লড়াইয়ের নামার আগে বেশ খোশমেজাজে পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন সিআর সেভেন। সেই ছবিই এখন ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল।
আবুধাবিতে রোনালদোর একমাত্র গোলেই ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওকে ১-০ হারিয়ে ক্লাব বিশ্বকাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। প্রচার মাধ্যমের সব আলোই এখন তাই রোনালদো দিকে৷ এর মাঝেই প্রচার মাধ্যমকে এড়িয়ে বড়দিনের আগে সপরিবারে উৎসবে মেতেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

বান্ধবী জর্জিনা রড্রিগেজ ও সন্তানদের সঙ্গে রিয়াল তারকা এখন ব্যস্ত ক্রিসমাস সেলিব্রেশনে। রোনালদোর বাইশ বছর বয়সী বান্ধবী জর্জিনাই সেই ছবি প্রকাশ করেছেন।

ছবিতে ধরা পড়েছে মেয়ে ইভা মারিয়াকে কোলে নিয়ে পোজ দিচ্ছেন রোনালদো। সাত বছরের জুনিয়র রোনালদোর কোলে মাতেওকেও দেখা গিয়েছে এই ছবিতে।

সঙ্গে জর্জিনার কোলে রয়েছে দুই মাসের নতুন অতিথি আলানা।