কলকাতা নাইট রাইডার্সে দেখা নাও যেতে পারে সাকিবকে

সিলেট নিউজ বিডি ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দেখা নাও যেতে পারে সাকিব আল হাসানকে। কারণ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নতুন বিধান অনুযায়ী নিলামের জন্য ৫জন ক্রিকেটারকে রেখে বাকিদের ছেড়ে দিতে হবে।

বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) শুরুতে নতুন করে সব খেলোয়াড়দের নিয়ে নিলাম করতে চাচ্ছিল। তবে, তাতে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি মালিক আপত্তি তোলে। সেকারণেই, নিয়ম একটু শিথিল করেছে বিসিসিআই।

নতুন নিয়মে দলগুলো এখন কেবল ৫জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। ছেড়ে দিতে হবে বাকিদের। আইপিএলের গভর্নিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়। এর অর্থ হচ্ছে সাকিবের সাথে কলকাতা নাইট রাইডার্সের এই দীর্ঘ সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে। সেই ২০১১ সাল থেকে তিনি আছেন এই দলটির সাথে।

২০১৮ আইপিএলের খেলোয়াড় নিলামের তারিখ ঘোষণা হলো। ২৭ ও ২৮ জানুয়ারি হবে নিলাম। আর ৪ জানুয়ারির মধ্যে আইপিএলের আট দলকে জানিয়ে দিতে হবে কোন কোন খেলোয়াড়কে তারা রেখে দিচ্ছে। এবার মাত্র ৫ জন করে খেলোয়াড় রেখে দেওয়ার সুযোগ পাচ্ছে দলগুলো। মাত্র দুজন বিদেশি থাকতে পারবেন পুরোনো দলে। এ কারণে প্রশ্ন উঠছে, সাকিব আল হাসানকে কি রেখে দেবে কলকাতা নাইট রাইডার্স? নাকি সাকিবকে আবার যেতে হবে নিলামের হাতুড়ির নিচে।

গতবারও সাকিবকে তাঁর ২ কোটি ৮০ লাখ রুপির দাম শোধ করে রেখে দিয়েছিল কেকেআর। নিলামের আগে মরনে মরকেল, কলিন মানরো, জেসন হোল্ডারদের মতো বিদেশি তারকাদের ছেড়ে দিলেও সাকিবকে ধরে রেখেছিল দলটি। কিন্তু গতবারের চেয়ে এবারের হিসাবটা অন্য। গতবার কেকেআর ১৪ জন খেলোয়াড় ধরে রাখতে পেরেছিল। এবার সেই সুযোগ নেই।

প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে মাত্র একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। জানা যায়, দলটি অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গে তার বনিবনায় সমস্যা হচ্ছিল।