সিলেট নিউজ বিডি ডেস্ক: ক্রিকেটে আসছে একের পর এক নতুন নতুন আয়োজন। মাত্র কয়েক দিন আগেই সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজা মেতেছিল ক্রিকেটের সবচেয়ে নব সংস্করণ টি-টেনে। এতে অংশ নিয়েছিলেন পাকিস্তানের শহীদ আফ্রিদি ও ভারতের বিরেন্দ্র শেবাগসহ বড় বড় তারকারা।
প্রথমবারের মতো এ আয়োজনের সঙ্গী হওয়া এ দুই তারকা এবার খেলবেন ভিন্ন আঙ্গিকের ক্রিকেট। আরবের মরুভূমি থেকে এবার ইউরোপের বরফের পাহাড়ে যাচ্ছেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে।
অবসরের পরও পাকিস্তানি কিংবদন্তি আফ্রিদি বিশ্বের নানা প্রান্তে ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। অন্যদিকে ক্রিকেটের মাঠ ছেড়ে কোচিং ও ধারাভাষ্যকার হিসেবে নিজেকে পরিপক্ব করছেন শেবাগ। তাদের সঙ্গে এবারের সঙ্গী হচ্ছেন গ্রেম স্মিথ।
দক্ষিণ আফ্রিকার সাবেক এ অধিনায়ক বলেন, আমি কি আশা করছি তা জানি না। তবে আমি বিশ্বের একটি সুন্দর অংশে ক্রিকেট খেলতে খুবই উত্তেজিত। আশা করছি আয়োজনটি একটি বিশাল সাফল্য পাবে।
আয়োজনে তাদের সঙ্গে আরো যোগ দিচ্ছেন পাকিস্তান থেকে শোয়েব আক্তার, ভারতের মোহাম্মদ কাইফ, শ্রীলঙ্কা থেকে মাহেলা জয় বর্ধনে ও লাসিথ মালিঙ্গা।
ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসও খেলবেন এতে। এছাড়া অস্ট্রেলিয়া থেকে যোগ দিবেন মাইক হাসি। ইংল্যান্ড থেকে ওয়াইস শাহ’র যোগ দেবার কথা রয়েছে। এদিকে নিউজিল্যান্ড থেকে ড্যানিয়েল ভেট্টরি, গ্র্যান্ট এলিয়ট, নাথান ম্যাককালাম ও মন্টি পানেসার আইস ক্রিকেট মাতাবেন।
ইন্ডিয়া টাইমসের তথ্য মতে, ২০১৮ সালের ফেব্রুয়ারির ৮ ও ৯ তারিখে সুইজার্যল্যান্ডে বসছে আইস ক্রিকেটের এ আসর। এরই মধ্যে আইসিসি থেকে অনুমতি পেয়েছে বলে দাবি করেছে টুর্নামেন্টের আয়োজক ভিজে স্পোর্টস।
ক্রিকেটের সাধারণ প্যাড-হেলমেট পরেই মাঠে নামবেন ব্যাটসম্যানরা। তবে বরফের কারণে ক্রিকেটারদের জুতায় পরিবর্তন আসবে। আয়োজকরা জানায়, ম্যাচগুলো খেলা হবে লাল বলে। আর পিচ থাকবে ম্যাটের তৈরি।
Sylhetnewsbd Online News Paper