সিলেট নিউজ বিডি ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিষ্ঠা করেও খুব বেশি ফল পাওয়া যাচ্ছে না। তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) দুর্নীতি প্রতিরোধে ভালো ফলাফল পাওয়া যাচ্ছে।
দুর্নীতি প্রতিরোধে এর চেয়ে বড় আর কোনো হাতিয়ার নেই। আইসিটি ব্যবহারে ৭৫ শতাংশ দুর্নীতি প্রতিরোধ করা যায়। শনিবার(৩০ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী বাংলাদেশি দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘প্রবাসী দিবস’ উপলক্ষে স্কলারস বাংলাদেশ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে অর্থমন্ত্রী বলেন, বিশ্বায়নের কারণেও রেমিট্যান্স কমতে পারে। এক সময় প্রবাসী কর্মীরা আয়ের বড় অংশ দেশে পাঠাতেন। অনেকেই কর্মস্থল বিদেশে স্থায়ী হচ্ছেন।
২০১৭ সালে বাংলাদেশ থেকে ১০ লাখেরও বেশি কর্মী বিদেশে গেছেন। রেকর্ডসংখ্যক কর্মী বিদেশে গেলেও কয়েক বছর ধরে রেমিট্যান্স প্রবৃদ্ধি নিম্নমুখী।
২০১৬ সালে প্রবাসী আয় কমেছে। ২০১৫ সালে রেমিট্যান্স আসে ১৫ দশমিক ২৭ বিলিয়ন ডলার। গত বছর তা কমে হয় ১৩ দশমিক ৬ বিলিয়ন ডলার। নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে চলতি বছরও। গত ৩০ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১২ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী মুহিত আরো বলেন, সিলেট মদন মোহন কলেজের বার্ষিক আয় ছিল মাত্র আট লাখ টাকা। অনেক টাকা আয়ের খাতায় যোগ হতো না। কিন্তু সেখানে সব ধরনের লেনদেন অনলাইনে করার ফলে ছয় মাসের মাথায় কলেজের আয় ৮০ লাখ টাকায় উন্নীত হয়েছে।
আলোচনা সভায় প্রধানমন্ত্রী কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, এসডিজি বাস্তবায়নে বছরে ছয় হাজার ৪০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। অতিরিক্ত এই অর্থের জোগান কে দেবে। এ ক্ষেত্রে প্রবাসীদের রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান পরিচালনা করেন স্কলার্স বাংলাদেশ ফাউন্ডেশনের সদস্য সচিব দিলারা আফরোজ খান রুপা। এতে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা অংশ গ্রহণ করেন।
Sylhetnewsbd Online News Paper