সিলেট নিউজ বিডি ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার ও ক্যাশ অফিসার পদে নিয়োগ পরীক্ষার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।
গত বছরের বিভিন্ন সময় রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আজ রবিবার এক রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠেয় ওই তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত থাকবে।
রায়ের পরে অ্যাডভোকেট রাশেদুল হক খোকন বলেন, গত বছরের তিনটি নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের যে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল- সে বিষয়ে আদালত এই নির্দেশনা দিয়েছে।
আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশিদুল হক খোকন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানজিম আল ইসলাম ও মির্জা সুলতান আল রাজা। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাতার হোসেন সাজু।
Sylhetnewsbd Online News Paper