সিলেট নিউজ বিডি ডেস্কঃ ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রতারকা শাকিব খান। শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। আজ এ দেশে তো কাল ও দেশে। অভিনয় নিয়েই ছুটে চলেছেন অবিরাম। গত বছরের শেষের দিকে ভারতের রামোজি ফিল্ম সিটিতে ‘নোলক’ ছবির কাজ নিয়ে ঢাকা ছাড়েন। সেখান থেকে ‘নোলক’র শুটিং শেষে পাড়ি জমান ব্যাংককে। উদ্দেশ্য বাকি থাকা চলচ্চিত্রের কাজ।
বর্তমানে ব্যাংককের অলি গলিতে ছুটে বেড়াচ্ছেন শাকিব খান ও মিম। দুটি গানের শুটিংয়ে রোমান্সে মেতে উঠেছেন শাকিব-মিম। গত শুক্রবার থেকে শুরু হওয়া বাংলাদেশি ছবি ‘আমি নেতা হব’র এই দুই নায়ক-নায়িকার গানের দৃশ্যের শুটিং শেষ হচ্ছে আজ মঙ্গলবার।
উত্তম আকাশ তাঁর ‘আমি নেতা হব’ ছবির শুটিং শুরু করেন ৩১ জুলাই। মৌসুমী আর ওমর সানি জুটিকে নিয়ে শুরু হয় শুটিং। পরে শুটিংয়ে যোগ দেন শাকিব খান ও বিদ্যা সিনহা মিম। এই ছবির মধ্য দিয়ে প্রায় নয় বছর পর শাকিব খান ও মিম আবার জুটি বদ্ধ হয়েছেন।
গতকাল সোমবার রাতে মুঠোফোনে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে শাকিব খান বলেন, ‘কাজের মধ্যে ডুবে থাকতে হচ্ছে। ফোন থেকে দূরে আছি। গত বছর মাঝামাঝি সময়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে কাজে মন দিতে পারিনি। প্রযোজক-পরিচালকেরা আমাকে ওই সময় ছাড় দিয়েছেন। ঝামেলা কাটিয়ে ওঠার পর এখন আমি প্রযোজক-পরিচালকদের দেওয়া কমিটমেন্ট রক্ষা করে চলছি।’
শাকিব খান আরও বলেন, ‘নয় বছর আগে মিম ও আমি একটি সিনেমায় কাজ করেছিলাম। ভক্ত-দর্শকেরা আমাদের সেই সিনেমা খুব পছন্দ করেছিল। এরপর নির্মাতাদের চাহিদা থাকা সত্ত্বেও আমরা কাজ করতে পারিনি। আশা করছি, আমাদের এই সিনেমাটি দর্শকদের আনন্দ দেবে।’
মিম বলেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে সিনেমায় কাজ করার আনন্দই আলাদা। কাজের ক্ষেত্রে তিনি খুব সহযোগিতা করছেন।’
ব্যাংককে শাকিব ও মিম যে দুটি গানের শুটিং করছেন, তার কোরিওগ্রাফি করছেন বাবা যাদব। আর গান দুটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের আলী আকরাম শুভ আর ভারতের কলকাতার আকাশ সেন। গান দুটির গীতিকার সুদীপ কুমার দীপ ও প্রিয় চট্টোপাধ্যায়।
এদিকে ‘আমি নেতা হব’ সিনেমার পরিচালক উত্তম আকাশ জানান, এরই মধ্যে সিনেমাটি চলচ্চিত্র সেন্সর ছাড়পত্র পেয়েছে। নতুন বছর ফেব্রুয়ারিতে শাকিব খান ও মিম অভিনীত ছবিটি মুক্তি দিতে চান ছবিটির প্রযোজক।
Sylhetnewsbd Online News Paper