ঢাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

সিলেট নিউজ বিডি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার(২৩জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।

গত ১৭ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হামলায় আহত হওয়ার ঘটনায় দোষীদের বহিষ্কার, শিক্ষার্থীদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার, প্রক্টরের পদত্যাগ ও সাত কলেজের সংকট নিরসনে দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’দের ব্যানারে আন্দোলন করছেন তাঁরা।

দাবি আদায়ে দুপুর ১২টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। তারপর উপাচার্যের কার্যালয়ের সামনে যায়।

সাড়ে ১২টার দিকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ফটকটির তালা ভেঙে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, তিন ঘণ্টার বেশি অবরুদ্ধ থাকার পর বিকেল পৌনে ৪টার দিকে একটি সভায় অংশ নিতে সিনেট ভবনে যেতে নিজের কার্যালয়ের পেছনের ফটক দিয়ে বের হন উপাচার্য আখতারুজ্জামান। তখন উপাচার্যের চারপাশ ঘিরে অবরোধ করেন আন্দোলনকারীরা। তাঁকে ৩৫ মিনিটের মতো আটকে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন তাঁরা।

এরপর সেখানে ছাত্রলীগের নেতারা এসে উপাচার্যকে তাঁর কক্ষে নিয়ে যান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় রড, লাঠি, হকি দিয়ে বেধরক পিটানো হয়। এতে সাংবাদিকসহ ১৫ জনের মতো আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কথা বলার জন্য প্রক্টরকে ফোন করে পাওয়া যায়নি। এ ছাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঙ্গে যোগাযোগের করেও তাঁকে পাওয়া যায়নি। সুত্র:ওয়ান বাংলা নিউজ

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-