পদ্মা সেতু বসছে আজ ২য় স্প্যান

সিলেট নিউজ বিডি ডেস্ক: পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যানটি আজ শনিবার (২৭ জানুয়ারি) বসানো হবে। ৩৮ ও ৩৯ নম্বর খুটিতে ১৫০ মিটার স্প্যানটি বসানো হবে সেতুর জাজিরা প্রান্তে। এরকম মোট ৪১টি স্প্যানে সম্পন্ন হবে পদ্মা সেতু।

এদিকে ঘন কুয়াশার থাকায়, নদীতে ক্রেন ও ভারি যান্ত্রাংশ দিয়ে কাজ করার কারনে স্প্যান নিয়ে আসতে দেরি হচ্ছে। এ ছাড়া সেতুর কাজের জন্য প্রস্তুত করা চ্যানেলে পানি কম থাকায় স্প্যান নিয়ে ভাসমান ক্রেনটি ঘুরতে পারছেনা। তাই ওই স্থানে ড্রেজিং করা হচ্ছে।

এবিষয়ে সেতু বিভাগের কর্মকর্তারা জানান, স্প্যানটি গত শনিবার বিকালে মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে আনার জন্য রওনা হয়। একটি শক্তিশালী ক্রেনের সাহায্যে স্প্যানটি আনা হচ্ছে। ১৫০ মিটারের স্প্যানটি ৩ হাজার ২‘শ টন ওজন । ৩ হাজার ৭‘শ টন ওজনের একটি ভাসমান ক্রেনের সাহায্যে স্প্যানটি আনা হচ্ছে।

স্প্যানটি জাজিরা প্রান্তে পিলারের কাছে পৌঁছতে তিন দিন সময় লাগার কথা। কিন্তু নদীতে প্রচন্ড কুয়াশা, ভারি যন্ত্রাংশসহ বড়বড় ক্রেন কাজ করছে এ কারনে ভাসমান ক্রেনটি ধীর গতিতে চালিয়ে আসতে হচ্ছে। এছাড়া চ্যানেলে পানি কম থাকায় কিছু কিছু স্থানে ড্রেজিং করা হচ্ছে। স্প্যান নিয়ে ভাসমান ক্রেনটি শুক্রবার পৌঁছলে শনিবার ৩৮-৩৯ নম্বর পিলারে বসানো হবে।

এর আগে গত বছর ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুটির মধ্যে প্রথম স্প্যানটি বসানো হয়েছে। এর চার মাস পর দ্বিতীয় স্প্যানটি বসানো হচ্ছে। এ স্প্যানটিসহ মোট ১২টি স্প্যান রয়েছে মাওয়া কন্ট্রাকশন ইয়ার্ডে। দুটিতে রংএর কাজ চলছে। ওই দুটি স্প্যান আগামী ফ্রেব্রুয়ারী ও মার্চ মাসে বসানো হবে। জাজিরা প্রান্তের নাওডোবায় (তীরের কাছের অংশ) ৪০নং পিলারটি স্প্যান বসানোর জন্য প্রস্তুত করা হয়েছে। আর ৪১ ও ৪২ নম্বর পিলারটির ঢালাইয়ের কাজ চলছে। ওই দুটি পিলার প্রস্তুত হতে আগামী জুন পর্যন্ত সময় লাগবে।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান আব্দুল কাদের বলেন,৩৮ ও ৩৯ নম্বর পিলারে দ্বিতীয় স্প্যানটি বসানো হবে। ভাসমান ক্রেনের সাহায্যে স্প্যানটি জাজিরা প্রান্তে নেয়া হচ্ছে। স্প্যানটি নেয়ার জন্য নদীতে কিছু কাজ করতে হচ্ছে। শুক্রবার জাজিরা প্রান্তে পৌঁছলে শনিবার সেটি পিলারে বসানো হতে পারে। স্প্যান পৌঁছতে একদিন দেরি হলে একদিন পরে বসানো হবে। স্প্যানটি জাজিরা প্রান্তে পিলারের কাছে না পৌঁছানো পর্যন্ত বলা যাচ্ছে না কখন সেটি বসানো হবে।