সিলেট নিউজ বিডি ডেস্ক: আরো একটি নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ‘বড় ছেলে’ জুটি। ভালোবাসা দিবস উপলক্ষ্যে বিশেষ নাটক ‘টুকরো প্রেমের টান’-এ দেখা যাবে মেহজাবীন-অপূর্বকে। সেজান নূরের রচনা ও বি ইউ শুভর পরিচালনায় প্রধান দুই চরিত্রে থাকছেন জনপ্রিয় এ জুটি।
নাটকটি নিয়ে অপূর্ব বলেন, “নাটকের গল্পটা দারুণ। বেশ উৎসাহ নিয়েই কাজটা করেছি। দর্শকরা একটু ভিন্নধর্মী চরিত্রে দেখবে আমাকে। আশাকরি ভালোই লাগবে।”
নাটকের গল্পে দেখা যাবে, মৌমিতার দু’চোখ ভরা স্বপ্ন, একদিন নাম করা সংগীতশিল্পী হবে। সুযোগ পেলেই প্রিয়বন্ধু রাহাতকে গান শোনায় সে। মৌমিতা বিখ্যাত সংগীতশিল্পী হোক এটা কিছুতেই মেনে নিতে পারে না রাহাত। সে মৌমিতাকে ভালোবাসে। রাহাত ভাবে, মৌমিতা সেলিব্রেটি হলে, তাকে ভুলে যেতে পারে।
ঘটনাক্রমে সংগীতশিল্পী ইরফানের সঙ্গে পরিচয় ঘটে রাহাতের। পরিচয়ের সূত্রে রাহাতকে তার ভিজিটিং কার্ড দেয় ইরফান। একদিন রেস্টুরেন্টে খেতে গিয়ে জোর করে রাহাতের মানিব্যাগ নেয় মৌমিতা এবং সেখানে শিল্পী ইরফানের ভিজিটিং কার্ড খুজে পায়। এরপর ইরফানের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য রাহাতকে চাপ দিতে থাকে। একদিন বাধ্য হয়ে মৌমিতাকে নিয়ে সে ইরফানের কাছে যায়। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।
উল্লেখ্য, নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে বুধবার রাত ৯টায় এটিএন বাংলায় প্রচারিত হবে।
Sylhetnewsbd Online News Paper