সার্বিয়ান সুন্দরী দাবাড়ু কৃষ্ণের প্রেমে মজলেন

সিলেট নিউজ বিডি ডেস্ক: ভারতের টপ র‌্যাংক দাবাড়ু পেনতেলা হরিকৃষ্ণ বিদেশে গিয়ে ম্যাচ জিতেই থেমে থাকেননি, জয় করে নিয়েছেন সার্বিয়ান সুন্দরীর মনও। ৩ মার্চ সার্বিয়ান গার্ল অ্যানজেলিজা জানোভিচের তথা নাদজা’র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন হরিকৃষ্ণ। নাদজা নিজেও একজন তুখোড় দাবাড়ু।

অন্ধ্রপ্রদেশের গুন্টুরের ছেলে হরিকৃষ্ণ ২০০১ সালে ভারতের ‘সর্ব কনিষ্ঠ গ্র্যান্ডমাস্টারের’ খেতাব জেতেন। এখন এই রেকর্ড রয়েছে পরিমার্জন নেগির। হরি ও নাদজা একে অপরকে চেনেন, যখন তারা জুনিয়র চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট খেলেন তখন থেকে। ছোটবেলার খেলার সাথী অজান্তেই মন রাঙিয়ে দেয় হরিকৃষ্ণের।

অপরদিকে কৃষ্ণের প্রেমেও হাবুডুবু সার্বিয়ান সুন্দরী। এক মিডিয়া চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হরিকৃষ্ণের বাবা নাগেশ্বর রাও বিষয়টি সামনে এনে জানান, ৩ মার্চ পরিণয় সুত্রে আবদ্ধ হচ্ছেন নাদজা ও হরিকৃষ্ণ। হায়াদ্রাবাদের নভোতেল হোটেলে এই দাবাড়ুর বিবাহ অনুষ্ঠিত হবে।

৩১ বছরের ভারতীয় দাবাড়ু হরিকৃষ্ণ ২০০১ কমনওয়েলথ গেমসে চ্যাম্পিয়ন হন। এর তিন বছর পর অর্থাৎ ২০০৪ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন হন অন্ধপ্রদেশের এই দাবাড়ু। ২০১৩ প্রথমবার ফিডে রেটিংয়ে ২৭০০ পয়েন্টের মাইলস্টোন টপকান। এর পর ২০১৬ বিশ্বের সেরা দশ খেলোয়াড়কে টপকে ফিডে রেটিংয়ে ২৭৬৮ পয়েন্ট অর্জন করেন হরিকৃষ্ণ।