সিলেট নিউজ বিডি ডেস্ক: ভালোবাসার মানুষগুলোর জন্য বছরে দু’টা দিন খুব বেশি স্পেশাল থাকে। এক হলো- পহেলা ফাল্গুন আরেক হলো- বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনগুলোকে ঘিরে শোবিজ অঙ্গনের সদ্য বিবাহিত তিন তারকা কী ভাবছেন? কেমন করে কাটাবেন বিশেষ এই দিনগুলো? তাদের কাছ থেকেই জেনে নেয়া যাক-
তৌসিফ-জারা:
মডেল ও অভিনেতা তৌসিফ মাহবুব বিয়ে করলেন গতকাল শুক্রবার। কনে জান্নাতুল ফেরদৌস জারা। দুজনার দীর্ঘদিনের প্রেম ছিল। সেই প্রেমের পরিনতি এই বিয়ে। বিয়ের আগে ভ্যালেন্টাইন আর পহেলা ফাল্গুন পালন হত একভাবে। এবার পরিবর্তন হয়ে গেল। কি পরিবর্তন?
তৌসিফ বলেন,‘ পহেলা ফাল্গুনে মনে হয় শুটিংয়ে ব্যস্ত থাকব। ভ্যালেন্টাইন ডেতে বিকালে অবশ্যই বের হব। এটা বউয়ের কাছে প্রতিজ্ঞা করা। আমি অবশ্য বিয়ের আমেজই এখনো কাটাতে পারি নি। শ্বশুর বাড়ির দাওয়াত খেতে ব্যস্ত। তবে কেউ কারো জন্য মার্কেট করা হয়নি। এটাই বলা যায় পরিবর্তন। আগে দুটি দিবসের জন্যই দুজনে আলাদা করে পোষাক কিনতাম। এবার যেহেতু বিয়ে এই সময়ে পড়ে গেল। তাই আর কিছু করা হলো না।’
ইরেশ যাকের- মিম রশিদ:
গত ৪ ফেব্রুয়ারী বিয়ের পিড়িতে বসলেন ইরেশ যাকের ও মিম রশিদ। বিয়ের পরপরই সামনে চলে আসলো পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইন ডে। দিবস দুটি নিয়ে তাদের প্ল্যানিং কী? ইরেশ বলেন,‘ বিদেশে যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু হলো না। প্ল্যান করে খুব বেশি কিছু করা হবে না। পহেলা ফাল্গুনে যেটা আগে হত, পাঞ্জাবি কেনা থাকতো। মা পছন্দ করে রাখতো। সেটা পড়তাম।
এবার বউয়ের পছন্দের পড়বো। মা-ই ওকে জোর করে বলছে পরিবারের সবার জন্য পোষাক কিনতে। অফিসে তো জেতেই হবে। এ দিবস উপলক্ষে অফিস তো বন্ধ নেই। তাই সেখানে গিয়ে আগে হাজিরা দিব। বিকালের দিকে বউকে নিকেতন অফিস থেকে তুলে নিবো। স্পেশাল বলে কোন কথা নেই। ভালবাসার মানুষটাকে কাছে পেয়েছি এটাই আমার ভ্যালেন্টাইন গিফট। আর আমার বাবা মাও তো ভালবেসে বিয়ে করেছেন।
তারা প্রতিবছরই দিনটা স্পেশালভাবে পালন করে। যেমন একসঙ্গে খেতে বের হয়। একসঙ্গে মার্কেট যায়। কেনাকাটা করে আমাদের জন্য। বাবাকে বলেছি সবাই একসঙ্গেই এবার বের হবো। দেখি কি হয়। বাবা একটু অসুস্থও আছেন। আমিও আবার সবার জন্য গিফট কিনেছি। তবে সেটা সারপ্রাইজ। আজ রাতেই দিবো। আমাদের পরিবারে যেটা হয়। বাবা বই পেলে খুব খুশি হয়। মা শাড়ি পেলে খুশি হয়। মিমেরটা স্পেশাল বলা যাবে না। সর্বজয়াকেও শাড়ী দিব।
সোনিয়া হোসেন:
মডেল-অভিনেত্রী সোনিয়া হোসেনের। গত ৪ জানুয়ারী বিয়ের পিড়িতে বসলেন। বরের নাম শামীম আহমেদ স্টিভ। তিনি একটি বেসরকারি এয়ারলাইনসে কর্মরত। দীর্ঘদিন ধরে প্রেমের পরিনতি এ বিয়ে। বিয়ের পরে সংসারটাও গুছিয়ে ফেলছেন। পরপর দুটি দিবস। এ নিয়ে তাদের প্ল্যানিং কী?
সোনিয়া বলেন,‘ রাতে দুজনার বের হয়ে ডিনার করার ইচ্ছে আছে। আপাতত বলা যায় এটাই প্ল্যানিং। তবে বন্ধুদের সঙ্গেও দেখা করবো। তবে সবকিছুই রাতকে ঘিরে। দিনে বের হওয়া হবে না বললেই চলে।
Sylhetnewsbd Online News Paper