তামিম-মুশফিকের খেলা নিয়ে শঙ্কা,দলে নতুন তারকা

সিলেট নিউজ বিডি ডেস্কঃ বাংলাদেশ শিবিরে চলছে ইনজুরির মিছিল। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন না সাকিব। এমনটা নিশ্চিত হয়েছে আগেই। বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারী) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। কিন্তু তার আগের দিন আরো বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার তামিম-মুশফিকের খেলা নিয়েও আছে শঙ্কা। তাই বিকল্প হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছে মোহাম্মদ মিথুন।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তাদের নিয়ে বলেছেন,‘গতকাল হঠাৎ তামিম মাসলে কিছুটা চোট অনুভব করে। পাশাপাশি মুশফিকও চোট পেয়েছে। মুশফিকের কবজিতেও সামান্য চোট আছে।’

তাই দুজন খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে দুজনকেই পেতে আশাবাদী রিয়াদ, ‘মুশফিকুর রহিমের খেলার সম্ভাবনা খুব বেশি। আমরা আসলে দুজনকেই পেতে আশাবাদী। এখনও আমরা আমাদের সেরা একাদশের জন্য অপেক্ষা করছি। তাই ওদের অবস্তার উপর ভিত্তি করেই আমাদের দল সাজাতে হবে।’

সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে দলে ছিলেন মোহাম্মদ মিঠুন, খেলেছেন ফাইনালেও। তবে এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান লাল-সবুজের জার্সিতে সবশেষ টি-টুয়েন্টি খেলেছেন ২০১৬ বিশ্বকাপে, নিউজিল্যান্ডের বিপক্ষে। ছোট সংস্করণে বাংলাদেশের হয়ে ১২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ২৮ বছর বয়সী মিঠুনের।