পূর্ণিমাকে সব জানাবেন অপু

সিলেট নিউজ বিডি ডেস্ক: আরটিভির একটি অনুষ্ঠানে উপস্থাপনা শুরু করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। অনুষ্ঠানটির শিরোনাম ‘এবং পূর্ণিমা’। এ অনুষ্ঠানে একের পর এক তারকা এসে নিজেদের মনের কথা জানাচ্ছেন। এর আগে পূর্ণিমার অতিথি হয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। আরও অনেককেই পাওয়া গেছে এই অনুষ্ঠানে। এবার পূর্ণিমার অতিথি হয়ে আসছেন পারিবারিক জীবন নিয়ে ঝামেলায় থাকা অপু বিশ্বাস। এই অনুষ্ঠানে পূর্ণিমাকে সব কথা জানাবেন অপু।

সূত্রে জানা যায়, রোববার আরটিভির নিজস্ব স্টুডিওতে এ অনুষ্ঠানের শুটিং হয়েছে। এখানে অপু তার সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলেছেন। শাকিবের সাথে ডিভোর্স হওয়া ও সামনে তার অভিনয়ে ফেরা না ফেরা নানান বিষয়ে মুখ খুলেছেন।

অনুষ্ঠানটির জন্য ড্র্রয়িংরুমের মতো করে বিশাল সেট বানানো হয়েছে। অতিথিদের নিজ হাতে কফি বানিয়ে খাওয়ান পূর্ণিমা। ঘরোয়া আয়োজনে প্রাণবন্ত আড্ডা হয় অতিথিদের সঙ্গে।

এ বিষয়ে পূর্ণিমা বলেন, এ অনুষ্ঠান উপস্থাপনার কাজটি বেশ উপভোগ করছি। এর মধ্যে কয়েকটি পর্ব প্রচার হয়েছে। ভালোই সাড়া মিলছে। এবার অপু আসছেন। অনেক কথাই জানতে পারবেন দর্শকরা। শিগগিরই প্রচার হবে এই পর্বটি।