সিলেট নিউজ বিডি ডেস্কঃ অবশেষে ফেরা। তিন দিনের দমবন্ধ টানাপড়েন, সহস্র জল্পনার শেষ। দুবাই থেকে কফিনবন্দি হয়ে মঙ্গলবার রাতে মুম্বইয়ে ফেরে শ্রীদেবীর মরদেহ।
সোমবারই দুবাই পুলিশ শ্রীর ময়নাতদন্ত আর ফরেন্সিক রিপোর্ট তুলে দিয়েছিল সরকারি আইনজীবীর হাতে। আজ তাঁরই সবুজ সঙ্কেতের অপেক্ষা ছিল। আর বাকি ছিল শ্রীর দেহ ‘এমবাম’ করার কাজ। সব শেষ করে এ দিন ভারতীয় সময় সন্ধে ৭টায় অনিল অম্বানীর বিমানে দুবাই থেকে রওনা হন বনি কাপুরেরা। সাড়ে ৯টার পরেই মুম্বাই পৌঁছান তাঁরা।
এদিকে আজ বুধবার শ্রীদেবীর মরদেহ নিয়ে আসা হয় লোখান্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে। এখানেই প্রয়াত নায়িকাকে শেষ শ্রদ্ধা জানাবেন ভক্তরা।
‘লমহে’ ছবির শুটিং-এর সময়ই শ্রীদেবী ইচ্ছাপ্রকাশ করেছিলেন তার মৃত্যুর পর সবকিছুই যেন সাদা কাপড়ে মুড়ে ফেলা হয়। নায়িকার শেষ ইচ্ছা অনুযায়ী তাই আজ সব কিছুই সাজানো হয়েছে তার প্রিয় রং সাদায়। সাদা ফুল দিয়ে সাজানোর পাশাপাশি শ্রীদেবী-র বাংলো ‘ভাগ্য’ও মুড়ে ফেলা হয়েছে সাদা কাপড়ে। অন্ত্যেষ্টিতেও সকলকে অনুরোধ করা হয়েছে সাদা পোশাকে আসতে।
এ দিন সকালে সবচেয়ে আগে স্পোর্টস ক্লাবে পৌঁছে যান প্রযোজক-পরিচালক করন জোহর। এসে পৌঁছেছেন শ্রীদেবীর দেওর সঞ্জয় কাপুরও। ক্রমশই ভিড় জমছে স্পোর্টস ক্লাবের বাইরে। স্বপ্নের নায়িকাকে বিদায় জানাতে আজ অফিস ছুটি নিয়ে চলে এসেছেন অগণিত ভক্ত। রাত ১২টা থেকেও অধীর অপেক্ষায় কেউ কেউ লাইন দিয়েছেন স্পোর্টস ক্লাবের সামনে।
এখানেই দুপুর ২টো পর্যন্ত শায়িত থাকবে শ্রীদেবী-র দেহ। এরপর দেহ নিয়ে রওনা দেওয়া হবে ভিলে পার্ল শ্মশানের উদ্দেশ্যে। সেখানে সাড়ে ৩টার দিকে শেষকৃত্য হওয়ার কথা তার।
Sylhetnewsbd Online News Paper