মিয়ানমার কেন সমরাস্ত্র প্রদর্শন করছে তা জানার চেষ্টা করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট নিউজ বিডি ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মিয়ানমার কেন সমরাস্ত্র প্রদর্শন করছে তা জানার চেষ্টা করেছি। তারা জানিয়েছে, রোহিঙ্গারা নিজ গ্রামে ফেরত যাচ্ছে- এমন খবরে বিজিপি নিরাপত্তা বৃদ্ধি করেছে। আমরা তাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এর আগেও বলেছি আপনাদের সীমানায় থাকা রোহিঙ্গাদের আপনারা যে কোনো সময় ফেরত নিতে পারেন।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের সৈন্য সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার সকালে সাতকানিয়ার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে ৯১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময় আমরা দেখেছি মিয়ানমার যা বলে তা করে না। আমাদের সীমান্তে বিজিবি অত্যন্ত সর্তক রয়েছে। সীমান্ত দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, বোমাং সার্কেল চিফ উচপ্রুসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।