সিলেট নিউজ বিডি ডেস্কঃ ঈদ উৎসবকে ঘিরে নির্মাতের শুরু হয় নির্মাণের কাজ। সেই সঙ্গে ব্যস্ততা বাড়ে অভিনেতা-অভিনেত্রীদের। ঈদের এখনো কয়েক মাস বাকি। এরইমধ্যে নির্মাতা সাগর জাহান শুরু করেছেন ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘মাহিনের লাল ডায়েরি’।
ধারাবাহিকটিতে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে দেখা যাবে নাটকের নাম ভূমিকায় অভিনয় করতে।
এর আগে সাগর জাহানের নির্দেশনায় ‘মাহিনের পাদুকাজোড়া’, ‘মাহিনের নীল তোয়ালে’ এবং ‘মাহিনের অনেক সাধের ঘড়ি’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন মোশাররফ করিম।
এ নিয়ে চতুর্থবারের মতো ‘মাহিন’ শিরোনামের নাটকে অভিনয় করছেন এ অভিনেতা। কক্সবাজারে ধারাবাহিক এ নাটকের শুটিং চলছে।
ফের সাগর জাহানের নির্দেশনায় ‘মাহিন’ শিরোনামের নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, “নিঃসন্দেহে সাগর জাহান একজন গুণী নাট্যরচয়িতা এবং নির্মাতা। সব সময়ই তার নির্দেশনায় কাজ করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। একটি কমপ্লিট ইউনিটে কাজ করার ভালোলাগা অন্যরকম।
কারণ সবকিছুই তৈরি থাকে। শুধু অভিনয়টা নিয়েই ভাবতে হয় শিল্পীকে। সাগর জাহানের ইউনিটে কাজ করে এই ভালোলাগাটা হয় আমার। যথারীতি আমি নাম ভূমিকায় অভিনয় করছি। আমার বিপরীতে আছেন নূসরাত ইমরোজ তিশা। আশা করছি এই নাটকটিও দর্শকের ভালো লাগবে।”
আসছে ঈদে যথারীতি আরটিভিতে প্রচার হবে সাত পর্বের এই ধারাবাহিক নাটকটি। এতে আরো অভিনয় করছেন ফারুক আহমেদ, আ খ ম হাসান, রোবেনা রেজা জুঁই, সালহা খানম নাদিয়া, হারুন, একে আজাদসহ অনেকে।
ধারাবাহিকটির শুটিং শেষে মোশাররফ করিম ও তিশা খণ্ড নাটক ‘মাছের দেশের মানুষ’-এ অভিনয় করবেন। নাটকটিও নির্মাণ করবেন সাগর জাহান।
উল্লেখ্য, সাগর জাহান গেল বছর ‘মাহিনের নীল তোয়ালে’ নাটক নির্মাণের জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে আরটিভি স্টার অ্যাওয়ার্ড লাভ করেন।
Sylhetnewsbd Online News Paper