নেপালে দুর্ঘটনায় দুই প্রধানমন্ত্রীর ফোনালাপ ও শোক প্রকাশ

সিলেট নিউজ বিডি ডেস্ক: নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তে হতাহতের ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলির সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ত্রিভূবন বিমানবন্দর খোলার সঙ্গে সঙ্গে তিনি সাহায্যকারী দল নেপালে পাঠাবেন। এ ছাড়া প্রয়োজনীয় যত রকমের সাহায্য দরকার বাংলাদেশ তা করবে বলেও আশ্বাস দেন তিনি।

খাদগা প্রসাদ শর্মা অলি প্রধানমন্ত্রীকে জানান, দুর্ঘটনা ঘটার পর তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

নেপালের স্থানীয় সময় সোমবার ২টা ২০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় (সিঙ্গাপুর সময় ৭:৫০টায়) সিঙ্গাপুর সফররত প্রধানমন্ত্রী টেলিফোনে আলাপ করেন।

ফোনালাপে নেপালের প্রধানমন্ত্রী হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।