ফতুল্লায় বোলারদের দাপট

সিলেট নিউজ বিডি ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার সিক্সের ম্যাচে ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স।কোন রান করেই ফরহাদ রেজার বলে সাজঘরে ফিরেন গাজীর ওপেনার সাইফুল। মুমিনুল-মেহেদি প্রাথমিক বিপদ সামাল দিলেও দলীয় ৩০ রানের মাথায় মুমিনুলের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে গাজীর টপ অর্ডার।

আরাফাত সানি-নাসুমদের বোলিং তোপে গাজী গ্রুপ মাত্র ৯৫ রানে গুটিয়ে যায়। গাজীর হয়ে সর্বোচ্চ ৩৯ রান করে ওপেনার মেহেদি হাসান। দলের পক্ষে মাত্র ৩ জন ব্যাটসম্যান ২ অঙ্কের কোঠা স্পর্শ করতে পারে। দোলেশ্বরের নাসুম ৪টি, সানি ৩টি ও শাকিল ২ করে উইকেট নেয়।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আবু হায়দার রনির বোলিং তোপে শুরুতেই বিপর্যস্ত দোলেশ্বরের টপ অর্ডার। মাত্র ৮ রানেই ৩ উইকেট হরায় দোলেশ্বর। পঞ্চম ওভারের ৩য় ও শেষ বলে ফরহাদ-মার্শাল আইয়ুবকে বোল্ড করেন রনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে দোলেশ্বরের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৩ রান।উইকেট তিনটি শিকার করে রনি।