সিলেট নিউজ বিডি ডেস্ক: বলিউডের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার ‘দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড’ পাচ্ছেন অভিনেত্রী আনুশকা শর্মা। সিনেমার উন্নয়নে বিশেষ অবদানের জন্য আনুশকাকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে বলে জানা গেছে। ভারত সরকারের সূচনা এবং প্রসারণ মন্ত্রালয় প্রতিষ্ঠিত ডিরেক্টরেট অব ফিল্ম ফেস্টিভ্যাল নামক সংস্থা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহে এই পুরস্কার প্রদান করে।
২০১৮ সালে এই এক্সেলেন্স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন ২৯ বছর বয়সী এই নায়িকা। ভাই কার্নেশ শর্মার সঙ্গে ২০১৪ সাল থেকে প্রযোজনা শুরু করেন তিনি। ক্লিন স্লেট ফিল্মস নামের এই প্রযোজনা সংস্থা থেকে প্রথম নির্মিত হয় ‘এনএইচটেন’ সিনেমাটি। বক্স অফিসে দারুণ ব্যবসা সফল হওয়ার পর আরও দুটি সিনেমা নির্মাণ করেন আনুশকা।
নায়িকা হিসেবে নিঃসন্দেহে সফল আনুশকা শর্মা। এ সফলতার পথ ধরে প্রযোজক হিসেবেও প্রশংসা কুড়ান। এই পর্যন্ত তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হয়েছে মোট তিনটি সিনেমা। এগুলো হলো- এনএইচ১০, ফিলাউরি এবং পরী। তিনটি সিনেমাই আলাদা ঘরানার এবং এদের গল্পের মধ্যে রয়েছে নতুনত্ব, যা দর্শকের মাঝে ভালো সাড়া ফেলেছে। আর তার সেই সাফল্যের মুকুটে এবার যুক্ত হল দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড৷ শিগগিরিই প্রযোজক আনুশকা শর্মার হাতে উঠবে এ পুরস্কারটি।
উল্লেখ্য, বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আনুশকা। দিল্লিতে সুই ধাগা সিনেমার শুটিং করছেন তিনি। এতে তার সঙ্গে অভিনয় করছেন বরুণ ধাওয়ান। পাশাপাশি শাহরুখ খানের জিরো সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটিতে একজন উঠতি বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করছেন তিনি। চলতি বছর বড়দিন উপলক্ষে জিরো সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
Sylhetnewsbd Online News Paper