সিরিয়ায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন

সিলেট নিউজ বিডি ডেস্ক: পার্লামেন্টের অনুমোদন ছাড়াই যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে সিরিয়ায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন। বিভিন্ন সামরিক শাখার প্রধানদের ইতিমধ্যে এ পরিকল্পনা সম্পর্কে নির্দেশনা দেয়া হয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে এ হামলার সরাসরি নির্দেশনা দিচ্ছেন ব্রিটেনের মন্ত্রীরা। সিরিয়া সরকারের বিরুদ্ধে পূর্ব ঘৌটায় বেসামরিক নাগরিকদের ওপর বিষাক্ত গ্যাস প্রয়োগের অভিযোগ উঠেছে।

এর আগে এ অভিযোগের কারণে বাশার আল আসাদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর অনুমতি চেয়েছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সেসময় দেশটির পার্লামেটের নিম্নকক্ষ হাউস অব কমন্সেই তা আটকে যায়।

এবার আর পার্লামেন্টের তোয়াক্কা করছেন না প্রধানমন্ত্রী তেরেসা মে। পার্লামেন্টের অনুমোদন ছাড়াই সিরিয়ায় হামলা চালানো যাবে বলে ইঙ্গিত দিয়েছেন তেরেসা।

দ্য ডেইলি মেইলের খবরে বলা হয়, সিরিয়ার বিরুদ্ধে অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে ব্রিটেনের সেনাবাহিনী। সোমবার এ জন্য তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন শাখার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তেরেসা। তিনি বর্বর রাসায়নিক হামলার তীব্র নিন্দা এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে কড়া জবাব দেয়া হবে বলে জানিয়েছেন।