সৌদি আরবে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

সিলেট নিউজ বিডি ডেস্ক: সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৭ বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে দুই সহোদরসহ চার বাংলাদেশি প্রবাসীর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। অন্য তিন জনের মধ্যে নোয়াখালীর দুইজন ও ফেনীর একজন।

বুধবার বিকেলে তাদের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়।

জানা গেছে, সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় চাকরি করতেন নিহতর। প্রতিদিনের মতো মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতে খাবার রান্না ও খাওয়া শেষে একই কক্ষে সাত বাংলাদেশি ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

নিহতদের মধ্যে প্রাথমিক চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের ছেলে এমরানুল হক সোহেল (৩৪), ইমামুল হক মুন্না (২২) ও গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০)। ফেনীর উত্তর বিরিঞ্চি এলাকার ইলিয়াছ মেম্বার বাড়ির মো. মহিউদ্দিন রাশেদ (৩৫)।

এর আগে গত ১৩ এপ্রিল শুক্রবার সৌদি আরবের রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ বাংলাদেশি নিহত হন। এতে গুরুতর আহত হন আরও অন্তত ৫ জন।

রিয়াদের বিমানবন্দর সংলগ্ন নূরানী ইউসিভার্সিটিতে কর্মরত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।