সিলেট নিউজ বিডি ডেস্ক: একদিকে ক্রিকেট থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি বিলুপ্ত করা হয়েছে, অন্য দিকে ফুটবলে যুক্ত যাচ্ছে আরেক চ্যাম্পিয়ন্স ট্রফি। ক্রিকেটের বাতিল হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির মতোই সেরা আটটা দল নিয়ে ‘মিনি বিশ্বকাপ’ আয়োজন করার চিন্তা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। স্বয়ং ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোই তুলেছেন এমন প্রস্তাব।
‘মিনি বিশ্বকাপের’ আসরটি হবে প্রতি দুই বছর অন্তর অন্তর। টুর্নামেন্টটির নাম হবে ‘ফাইনাল ৮’।এমন টুর্নামেন্ট নিঃসন্দেহে বাঁচাবে সময় ও ফিফাকেও করবে আর্থিকভাবে লাভবান।
ফিফা প্রধান কর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইনফান্তিনোর নতুন এক টু্র্নামেন্টে বিনিয়োগ করার জন্য প্রস্তাব রেখেছে কিছু বিনিয়োগকারী। টাকার অঙ্কটাও নেহাত কম নয় দেখে ইনফান্তিনোও প্রকাশ করছেন আগ্রহ। এই টুর্নামেন্ট মাঠে গড়ালে প্রতি আসরে প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার পাবে ফিফা। এমন লভ্যাংশ পেলে সভাপতির দ্বিমত পোষণ করাটাও যে অস্বাভাবিক!
ফুটবলের ছোট্ট আসরটি যদি মাঠে গড়ায় তাহলে নিশ্চিতভাবে কপাল পুড়বে বিশ্বকাপের আগে অনুষ্ঠিত ফিফা কনফেডারেশনস কাপের। সাত মহাদেশের সেরা দল আর বিশ্বকাপের স্বাগতিকদের নিয়ে প্রতি বিশ্বকাপের আগে আয়োজিত হওয়া এই টুর্নামেন্টের বদলেই ফিফার এই ‘ছোট বিশ্বকাপ’। তবে ঠিক কোন অঞ্চলের দেশগুলো এই আসরে অংশগ্রহণ করবে তা পরিষ্কার করে বলা হয়নি।
তবে এখনই নয়, ফিফা জানিয়েছে নতুন এই প্রতিযোগিতা মাঠে গড়াবে ২০২১ সাল থেকে। আসর আয়োজনের জন্য বছরের শেষের দিকটাই পছন্দ ফিফার। নির্ধারিত বছরের অক্টোবর বা নভেম্বর মাসেই মাঠে গড়াবে টুর্নামেন্টটি।
এখানেই শেষ নয়, ক্লাব বিশ্বকাপ নিয়েও নতুন চিন্তা-ভাবনা করা হচ্ছে। প্রতি চার বছর পরপর ২৪টি দল নিয়ে এই বিশ্বকাপ আয়োজনের চিন্তা। গ্লোবাল লিগকেও নতুন করে ঢেলে সাজানোর ভাবনায় ফিফা। প্রতি বছর অক্টোবর-নভেম্বরে হবে এ লিগ। চলবে ১২ বছর ধরে। নতুন চিন্তা-ভাবনার আওতায় আছে কনফেডারেশনস কাপ তুলে দেয়ার কথাও।
Sylhetnewsbd Online News Paper