মেয়েরা এগিয়ে, ছেলেদের মনোযোগী হওয়ার আহবান প্রধানমন্ত্রীর

সিলেট নিউজ বিডি ডেস্ক: এবারো এসএসসি পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের ফল ভালো। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরীক্ষায় ছাত্রদের পাশের হার যাতে মেয়েদের সমান হয় সেজন্য ছেলেদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে।

রোববার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাত থেকে এসএসসির ফলাফল নেওয়ার পরে একথা বলেন তিনি। ফলাফল গ্রহণের পরে বিভিন্ন এলাকার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী।

সেখানে তিনি বলেন, অকৃতকার্যদের হতাশ হওয়ার সুযোগ নেই। বরং তাদের আরো বেশি সচেতন হতে হবে যেন পরেরবারে পড়াশোনা করে ভালো ফল পেতে পারে। অভিভাবকদেরও তাকে বকাঝকা করার দরকার নেই। বরং তাদের আরো বেশি সমর্থন দিতে হবে যেন ভবিষ্যতে তারা এসব কাটিয়ে নিজেরা ভালো কিছু করতে পারে।

এ বছরেও পাশের হারে মেয়েরা এগিয়ে। ৮ টি শিক্ষাবোর্ডে ছাত্র পাশের হার ৭৮.৪০ এবং ছাত্রী পাশের হার- ৮০.৩৫ শতাংশ।

এছাড়া চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার পাশের হার ৭৭.৭৭ শতাংশ। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। এসএসসিতে ৭৯.৪০, কারিগরী বোর্ডে ৭১.৯৬ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭০.৮৯ শতাংশ।