কে আসছেন ভারতের নেতৃত্বে?

সিলেট নিউজ বিডি ডেস্ক: আবারো জাতীয় দলের নেতৃত্বের ব্যাটন হাতে তুলতে চলেছেন অজিঙ্কা রাহানে৷ বোর্ডের অন্দরমহলে কান পাতলে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে এই মুহূর্তে৷

আইপিএলের পরেই সারের হয়ে কাউন্টি খেলতে ইংল্যান্ড উড়ে যাবেন বিরাট কোহলি৷ ফলে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন না তিনি৷ স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি তুলে দিতে হবে অন্য কারো হাতে৷

বিরাটের অনুপস্থিতিতে সীমিত ওভারের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিতে পারেন রোহিত শর্মা৷ তবে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে অবধারিতভাবে জাতীয় দলের ক্যাপ্টেন্সির ব্যাটন হাতে পেতে চলেছেন রাহানে৷

একা কোহলিই নন, এটাও নিশ্চিত যে, সিনিয়র দলের এক ঝাঁক তারকা আফগান টেস্টে মাঠে নামবেন না৷ পরিবর্তে কাউন্টি ক্রিকেট ও ভারতীয় ‘এ’ দলের ইংল্যান্ড সফরে দেখা যাবে বেশিরভাগ ভারতীয় টেস্ট তারকাকে৷ লোকেশ রাহুল, মুরলি বিজয়, রবিচন্দ্রন অশ্বিন, দীনেশ কার্তিকদের রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন ‘এ’ দলের হয়ে খেলতে দেখার সম্ভাবনা প্রবল৷ কেবল ইয়র্কশায়ারের হয়ে কাউন্টিতে ব্যস্ত চেতেশ্বর পূজারা দেশে ফিরে আফগানদের বিরুদ্ধে মাঠে নামবেন বলে শোনা যাচ্ছে৷

রাহানে ও পূজারা ছাড়া শিখর ধাওয়ান, হার্দিক পাণ্ডিয়া ও রোহিত শর্মাকে রশিদ খানদের বিরুদ্ধে টেস্টে দেখা যেতে পারে৷ ৮ মে বেঙ্গালুরুতে ৬টি পৃথক দল গড়ে নিতে বসবেন জাতীয় নির্বাচকরা৷ আফগান টেস্টের ভারতীয় দল ছাড়াও আয়ারল্যান্ড সফরের জাতী টি-২০ দল বেছে নেবেন এমএসকে প্রসাদরা৷ এছাড়া ইংল্যান্ড সফরের দু’টি সীমিত ওভারের দল ও ইংল্যান্ড সফরের দু’টি ‘এ’ দল বেছে নেওয়া হবে মঙ্গলবারের নির্বাচনী বৈঠকে৷