সিলেট নিউজ বিডি ডেস্ক: রমজানে রাস্তায় যানজট কমাতে ট্রাফিক বিভাগকে রাস্তা ও ফুটপাত হকারমুক্ত করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।
শনিবার(১৯ মে) ডিএমপির সদর দপ্তরে আয়োজিত রমজান ও ঈদ উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা ও হকার নিয়ন্ত্রণে বিশেষ সভায় এদিন দেন তিনি।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে রাস্তা, শপিংমল, স্টেশন ও টার্মিনাল কেন্দ্রিক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বিশেষ সভায় রাস্তা হকারমুক্তকরণ ছাড়াও ট্রাফিক বিভাগকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন তিনি।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে— রমজানে অফিস শুরু ও ছুটির সময় রাস্তায় সিনিয়র অফিসারের উপস্থিত নিশ্চিত করে বিশেষ নজর রাখা, ইন্টারসেকশন ম্যানেজমেন্ট সঠিকভাবে করার জন্য ট্রাফিক পুলিশের পাশাপাশি ক্রাইম বিভাগকে সচেষ্ট থাকতে হবে, শপিংমলের সামনের রাস্তায় কোনো অবস্থায় অবৈধ গাড়ি পার্কিং করা যাবে না, রাস্তা ও ফুটপাতে নতুন করে কোনো হকার বসতে দেয়া হবে না, পুরাতন হকারদের ফুটপাত ছেড়ে দিয়ে বসতে হবে।
সভায় জানানো হয়, রিকশামুক্ত রাস্তায় রিকশায় প্রবেশ করতে দেয়া হবে না, ইন্টারসেকশনের মুখে ও শপিং সেন্টারের সামনে অযথা রিকশা ভিড় করতে দেয়া হবে না।
তিনি বলেন, যানজট ট্রাফিক পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সকলের সহযোগিতা নিয়ে যানজট নিয়ন্ত্রণ করতে হবে। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে নির্মাণ সামগ্রী রাখলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন ডিএমপি কমিশনার।
ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাকে নির্দেশ দিয়ে কমিশনার বলেন, রমজানে অফিস ছুটির পর রাস্তায় ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে দায়িত্বপ্রাপ্ত সকলকে উপস্থিত থাকতে হবে, যতক্ষণ না নগরবাসী নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। প্রয়োজনে ইফতারের পরেও সকলকে রাস্তায় থেকে যানজটমুক্ত রাখতে হবে।
সকলের সহযোগিতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে রমজানে যানজটকে সহনীয় পর্যায়ে রাখতে সকলকে আহ্বান জানান ডিএমপি কমিশনার।
সভায় উপস্থিত ছিলেন ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম, যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক উত্তর মোসলেহ উদ্দিন আহমদ, যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক দক্ষিণ মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএমসহ ট্রাফিক বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
Sylhetnewsbd Online News Paper