সিলেট নিউজ বিডি ডেস্ক: চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের প্রায় আট মাস পর অবশেষ বাংলাদেশ দলের নতুন কোচ নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৭ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন নতুন কোচের নাম ঘোষণা করেন। ৫৪ বছর বয়সী সাবেক ইংলিশ ক্রিকেটার স্টিভ রোডসকে বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি।
এর আগে ইংলিশ কাউন্টি দল উস্টারশায়ারের হয়ে কাজ করা রোডস এবারই প্রথম জাতীয় দলের কোচ হলেন। উপমহাদেশের কোন দলের সাথে এবারই প্রথম চুক্তিবদ্ধ হলেন রোডস। উইকেটরক্ষক বাবা বিলি রোডসের সন্তান স্টিভ রোডস খেলোয়াড়ি জীবনে ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১১ টেস্ট ও ৯ ওয়ানডে ম্যাচ খেলেছেন। তবে তার আসল পরিচয় তিনি ইংলিশ কাউন্টি দল উস্টারশায়ার কিংবদন্তি খেলোয়াড় ও কোচ হিসেবে।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিব আল হাসানের এই কোচের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০১০-২০১১ দুই মৌসুমে সাকিব উস্টারশায়ারের হয়ে রোডসের অধীনে ২৬ ম্যাচ খেলেছে।
এছাড়া ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন রোডস।
Sylhetnewsbd Online News Paper