সিলেট নিউজ বিডি ডেস্ক: এশিয়া কাপে ইতিহাস গড়ে দেশে ফিরেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার সন্ধ্যা ছয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন সালমা-রুমানারা। ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকায় পৌছেছে তারা।
ফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে নারী ক্রিকেট দল। সংবর্ধনা অনুষ্ঠানে নারী ক্রিকেট দলকে ২ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়ে রেখেছে, বিমানবন্দর থেকে ক্রিকেটাররা সরাসরি চলে যাবেন রাজধানীর সোনারগাঁও হোটেলে। সোমবার বেলা তিনটায় সোনারগাঁও হোটেলের বলরুমে শুরু হয়েছে বিসিবির সভা। সেখানেই বোর্ড সভাপতি নাজমুল হাসান এবং পরিচালকরা সংবর্ধনা দেবেন এশিয়া কাপ জয়ী ক্রিকেটারদের।
উল্লেখ্য, রোববার কুয়ালালামপুরে শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা অর্জন করে ইতিহাস গড়েছে নারী ক্রিকেট দল। ঈদের আগে এই উপহার পেয়ে উৎফুল্ল দেশের মানুষ। এমন দুর্দান্ত অর্জনে মেয়েদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
Sylhetnewsbd Online News Paper