মালয়েশিয়া ও সিঙ্গাপুরে শুক্রবার ঈদ

সিলেট নিউজ বিডি ডেস্ক: আগামীকাল শুক্রবার ১৪ জুন ঈদুল ফিতর উদযাপন করবে মালয়েশিয়া। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় সরকারি মুখপাত্র সায়েদ দানিয়াল সায়েদ আহমেদ এই খবর জানিয়েছেন। এদিকে সিঙ্গাপুরেও ঈদ হবে আগামীকাল শুক্রবার।

দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম বারনামা বলছে, মালয়েশিয়ার রাজা ইয়াং দি পারতুয়ান এগংয়ের এই নির্দেশনা দিয়েছেন বলে জানান সায়েদ দানিয়াল। এই মুখপাত্র বলেন, মালয়েশিয়ায় শুক্রবার ঈদুল ফিতর পালন করা হবে।

এদিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সেখানে তিনি বলেন, ‘আগামীকাল (শুক্রবার) আমরা ঈদ উদযাপন করব। আজকেই রমজানের শেষ দিন হলেও আমাকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হবে। আমার বিশ্রাম নেওয়া সময় নেই।’

ঘরমুখো মানুষদের প্রতি মাহাথির বলেন, ‘আপনারা মনে রাখবেন, আপনাদের পরিবার অপেক্ষা করছে। এজন্য কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।’ তিনি আরো বলেন, ‘গাড়ি চালানোর সময় তাড়াহুড়া না করে স্বাভাবিক গতিতে চালানো ভালো।’

মালয়েশিয়ার প্রতিবেশী সিঙ্গাপুরেও শুক্রবার ঈদ উদযাপন করা হবে। দেশটির একজন মুফতি ড. মোহাম্মদ ফাতরিস বাকারাম এক বিবৃতিতে এই খবর জানান। সংবাদ মাধ্যম চ্যানেল নিউজ এশিয়া এই খবর জানিয়েছে।