ব্যাংক ঋণে সুদের হার কমলো

সিলেট নিউজ বিডি ডেস্ক: ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে (সিঙ্গেল ডিজিট) নামিয়ে আনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)।

বুধবার রাজধানীর গুলশানে জব্বার টাওয়ারে বেসরকারি ব্যাংকের মালিকরা এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন।

ঘোষণা অনুযায়ী তিন মাস মেয়াদী আমানতে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ দেবে ব্যাংকগুলো। ঋণে ৯ শতাংশের বেশি সুদ নেবে না। ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি) সভাপতি নজরুল ইসলাম মজুমদার জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নজরুল ইসলাম মজুমদার বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়ন ধারাকে চাঙা করতে জুলাইয়ের ১ তারিখ থেকে আমানতের সর্বোচ্চ সুদ হার হবে ৬ শতাংশ আর ঋণের সুদ হার হবে ৯ শতাংশ। এর চেয়ে কোনও ব্যাংক সুদ বেশি নিতে পারবে না। যেসব ব্যাংক এ সিদ্ধান্ত মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ব্যাংকের তারল্য সংকটের ধোয়া তুলে কয়েক মাস আগে হঠাৎ করেই ঋণে সুদহার বাড়িয়ে দেন ব্যাংক মালিকরা। ঋণ নিতে অধিকাংশ ব্যাংকের কাছে তখন গুনতে হয়েছে ১০ শতাংশের বেশি সুদ। ফলে এ সুদ নিয়ে আতঙ্কে ছিলেন ব্যবসায়ীরা।

এরপর সুদ কমাতে ব্যাংক ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা বৈঠকে বসে সরকার। বৈঠকেই নানা সুবিধাও দেয়া হয় বেসরকারি ব্যাংকে। এসব সুবিধার মধ্য ছিল আমানত ও ঋণের সুদহারের অনুপাত কমিয়ে আনা, সরকারের অর্থ বেসরকারি ব্যাংকে সঞ্চিত রাখার ভাগ বাড়ানো; সবশেষ প্রস্তাবিত বাজেটে ব্যাংকের করপোরেট কর কমিয়ে দেয়া।

কিন্তু তবু কাজ হয়নি। প্রধানমন্ত্রী নিজেই সুদহার কমানোর তাগিদ দিলেও তা অনেক ব্যাংক শোনেনি। এখন দেখার বিষয়- বিএবির এ সিদ্ধান্তও কতদিনে কার্যকর হয়?