শেষ মুহূর্তের ব্রাজিলের নাটকীয় জয়

সিলেট নিউজ বিডি ডেস্ক: ম্যাচের ১৩তম মিনিটে এগিয়ে যাওয়ার খুব সহজ সুযোগ নষ্ট হয় কোস্টারিকা। ডান দিক থেকে ক্রিস্টিয়ান গামবোয়ার কাটব্যাকে ডি-বক্স থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন ফাঁকায় থাকা সেলসো বোর্হেস।
ব্রাজিলের প্রথম সুযোগটা পান নেইমার ২৭তম মিনিটে। ডি-বক্সে বল পেয়ে পিএসজির এই ফরোয়ার্ড নিয়ন্ত্রণে নেওয়ার আগেই এগিয়ে এসে বাধা দেন গোলরক্ষক কেইলর নাভাস।

৪১তম মিনিটে দূরপাল্লার শটে চেষ্টা করেছিলেন মার্সেলো, তবে নাভাসকে ফাঁকি দিতে পারেননি। গোল শূণ্য স্কোর রেখেই প্রথমঅর্ধ শেষ করে দু‘দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের তেজ আরও বাড়ায় ব্রাজিল। ৫০তম মিনিটে ডান দিক থেকে ফাগনারের ক্রসে গাব্রিয়েল জেসুসের হেডে বল ক্রসবারে লাগলে গোল পায়নি ব্রাজিল। পরক্ষণেই কুতিনিহোর জোরালো শট গোলের মুখে থেকে ফেরে এক ডিফেন্ডারের পায়ে লেগে।

৫৬তম মিনিটে নেইমারের খুব কাছ থেকে নেওয়া শটে গ্লাভস লাগিয়ে ক্রসবারের উপর দিয়ে পাঠান নাভাস। একটু পর কুতিনিহোর জোরালো শট কোনোমতে আয়ত্তে নেন রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এই গোলরক্ষক।

৭২তম মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে গিয়েছিলেন নেইমার। নাভাসও ছিলেন গোল থেকে একটু বেরিয়ে। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট লক্ষ্যে রাখতে পারেননি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

এরপর অভিনয় করে পেনাল্টি প্রায় পেয়ে গিয়েছিলেন নেইমার। রেফারি প্রথমে স্পটকিকের নির্দেশ দিয়েও পরে কোস্টারিকার খেলোয়াড়দের আপত্তির মুখে ভিডিও রিভিউ দেখে সিদ্ধান্ত পাল্টান। তখন নেইমার শাস্তি থেকে বেঁচে গেলেও একটু পর মেজাজ হারিয়ে ঠিকই দেখেন হলুদ কার্ড।

অবশেষে যোগ করা সময়ে আসে কুতিনিয়োর গোল। ফিরমিনোর হেড ডি-বক্সে পা দিয়ে নামিয়েছিলেন জেসুস। এগিয়ে এসে নিচু শটে নাভাসকে ফাঁকি দেন বার্সেলোনার মিডফিল্ডার।

যোগ করা সময়ের শেষ মিনিটে চলমান বিশ্ব আসরে নিজের প্রথম গোল পান নেইমার। যার ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শীষ্যরা।