লঙ্কানদের বোলিং তোপে বিধ্বস্ত বাংলাদেশ

সিলেট নিউজ বিডি ডেস্ক: শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচটিতে বৃহস্পতিবা (১৯ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। থিসারা পেরেরার ১১১ রানের ইনিংসটির সুবাদে বাংলাদেশের সামনে ২৭৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে লঙ্কানদের বোলিং তোপে বিধ্বস্ত বাংলাদেশ। ফলে ৬৭ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে লঙ্কান শিবির।

এইদিন প্রথমে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। টাইগারদের বোলিং তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকা শ্রীলঙ্কার ত্রাতা হিসেবে হাজির থিসারা পেরেরা। তার বিধ্বংসী ১১১ রান মূলত লঙ্কানদের স্কোর বোর্ডকে বড় করে।

পেরেরা ছাড়া লঙ্কানদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেছেন উপুল থারাঙ্গা। এছাড়াও আশান প্রিয়াঞ্জন ২১ এবং দাসুন শানাকার ব্যাট থেকে এসেছে ১৭ রান।

২৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমেই বিপদের মুখে পড়তে হয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে। বরাবরের মতো ব্যর্থতার পরিচয় দিলেন সৌম্য। তিনি ১২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।

এরপর সাইফ হাসান এবং জাকির হাসান দলের হাল ধরেন। কিন্তু দলীয় রান ৫০ হওয়ার আগেই বিদায় নেন জাকির। এর কিছুক্ষন পর ফিরতে হয় সাইফকেও।

দলীয় ৭৫ রানে ৩ উইকেট হারানোর পর মিথুন আলী এবং আল আমিনের ব্যাটে দলীয় ১০০ পার করে টাইগাররা। তবে দলের হয়ে বেশীক্ষণ ক্রিজে থাকতে পারেননি মিথুন।

২৫ রান করে বিদায় নেন তিনি। এরপর আরিফুল এবং আল আমিন মিলে দলের রান নিয়ে যান ১৫০’র উপর। তবে ব্যক্তিগত ৪৬ রানে আল আমিনকেও ফিরতে হয় সাজঘরে। পরে সবাই ছিলেন আসা-যাওয়ার মাঝে। ফলে সবকটি উইকেট হারিয়ে ২০৮ রানে থামে মোহাম্মদ মিথুনের দল।