মাহমুদুর রহমানের ওপর আদালতে হামলা চালিয়েছে ছাত্রলীগ

সিলেট নিউজ বিডি ডেস্ক: দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। রোববার ২৩ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে এই হামলার ঘটনা ঘটে।

৫০০ ধারার একটি মানহানি মামলায় জামিন নিতে সকালে মাহমুদুর রহমান কুষ্টিয়া আদালতে আসেন।

বিকেল সাড়ে চারটায় আদালত থেকে বের হলে আদালত প্রাঙ্গনেই বর্বর এই হামলার শিকার হন তিনি। পরে তাকে উদ্ধার করে মহিলা আইনজীবী সমিতির এডভোকেট সামস তামিম মুক্তির চেম্বারে অবস্থান নিলে ছাত্রলীগ সেখানেও হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তার ওপর ব্যাপকভাবে ইট-পাথর বর্ষণ নিক্ষেপ করা হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। তার মাথা ফেটে রক্ত ঝরতে দেখা যায়। হামলার আগে মাহমুদুর রহমান আদালত কক্ষ থেকে ফেসবুক লাইভে নিজের নিরাপত্তা দাবি করেন। এসময় তিনি বলেন, নিরাপত্তার জন্য ওসির সহযোগিতা চাওয়া হয়। কিন্তু তিনি কোন সাড়া দেননি।

উল্লেখ্য, রোববার ২২ জুলাই সকালে মাহমুদুর রহমান কুষ্টিয়া আদালতে যান ৫০০ ধারার মানহানি মামলায় জামিন নিতে যান। হাজির হওয়ার পর আদালত জামিনও মঞ্জুর করেন। পরে পুলিশি প্রোটেকশনে ঢাকার পথে রওনার নির্দেশ দেন আদালত।

এই মামলার বাদী হলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সভাপতি তুষার। শুনানি শুরু হওয়ার আগ থেকেই ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে আদালত ভবন ঘেরাও করে রাখে বলে জানান মাহমুদুর রহমানের সঙ্গে থাকা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ।

আদালতে মাহমুদুর রহমানের সঙ্গে ছিলেন কুষ্টিয়া বারের সিনিয়র আইনজীবি প্রিন্সিপাল আমিরুল ইসলাম, বিএফইউজে মহাসচিব এম আব্দুল্লাহ, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ অনেকে।

এদিকে হামলার পর রক্তাক্ত মাহমুদুর রহমান ঢাকার পথে রওয়ানা হয়েছেন। তিনি কুষ্টিয়া থেকে সড়কপথে অ্যাম্বুলেন্সযোগে যশোর পৌঁছেছেন। সেখান থেকে বিমানযোগে ঢাকায় আনা হচ্ছে তাকে। বিমানবন্দর থেকে মাহমুদুর রহমানকে সরাসরি নিয়ে যাওয়া হবে ইউনাইটেড হাসপাতালে। সেখানেই চিকিৎসা নেবেন তিনি।