সিলেট নিউজ বিডি ডেস্ক: পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোট চলছে। এর মধ্যেই একটি ভোটকেন্দ্রের কাছে আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন পুলিশ সদস্য এবং দুই শিশু।
বুধবার কুয়েটার পূর্বাঞ্চলে একটি ভোট কেন্দ্রের কাছে ওই হামলা চালানো হয়। এতে আরও ৩০ জন আহত হয়েছে।হামলার পর পরই সেখানে পৌঁছায় বম্ব ডিসপোজাল স্কোয়াড। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকারী সূত্র জানিয়েছে, ভোট কেন্দ্রের কাছে রুটিন মাফিক টহলে অংশ নেয়া একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হামলায় আহতদের সানদেমান প্রদেশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এদিকে বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন। সহিংসতা এড়াতে গোটা পাকিস্তানের বিভিন্ন ভোট কেন্দ্রে ৩ লাখ ৭১ হাজার সেনাসদস্যসহ প্রায় ৮ লাখ নিরাপত্তাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper