সিলেট নিউজ বিডি ডেস্ক: তিন সিটি করপোরেশন (রাজশাহী, বরিশাল ও সিলেট) নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে শনিবার ২৮ জুলাই রাত ১২টা থেকে। এর আগে শুক্রবার রাত ১২টার পূর্বেই এসব সিটির বাসিন্দা বা ভোটার নন, তাদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
ইতোমধ্যে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাবের পাশাপাশি মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী বিজিবি। শনিবার ২৮ জুলাই সকাল থেকে এই তিন নগরের প্রধান সড়কগুলোতে বিজিবিকে টহল দিতে দেখা যাচ্ছে।
তিন সিটির মধ্যে বরিশাল ও রাজশাহীতে ১৯ প্লাটুন করে এবং সিলেটে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, তিন সিটির নির্বাচনী এলাকায় রোববার দিনগত রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত মোটর সাইকেল এবং সোমবার দিনগত রাত ১২টা থেকে মঙ্গলবার পর্যন্ত অ্যাম্বুলেন্স, ডাক বিভাগ, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশেনের ময়লাবাহী গাড়িগুলো ছাড়া অন্য সব যানবাহন বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
এসব নির্দেশনার লঙ্ঘন হলে ৬ মাস থেকে ৭ বৎসর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
আগামি সোমবার এই তিন সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। পুলিশ, বিজিবি, র্যাব, নির্বাহী-বিচারিক হাকিমসহ মোবাইল-স্ট্রাইকিং ফোর্স নির্বাচনকালীন দায়িত্বে থাকবেন।
সাধারণ কেন্দ্রে ২২ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
রাজশাহী সিটিতে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন ও মহিলা ১ লাখ ৬২ হাজার ৫৩জন। ভোট কেন্দ্র ১৩৮টি ও ভোট কক্ষ ১ হাজার ২৬টি। এ সিটিতে মেয়র প্রার্থী মোট ৫ জন।
বরিশাল সিটিতে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন ও মহিলা ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। ভোট কেন্দ্র ১২৩টি ও ভোট কক্ষ ৭৫০টি। এ সিটিতে মেয়র প্রার্থী মোট ৬ জন।
সিলেট সিটিতে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন ও মহিলা ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন। ভোট কেন্দ্র ১৩৪টি ও ভোট কক্ষ ৯২৬টি। এ সিটিতে মেয়র প্রার্থী মোট ৭ জন।
Sylhetnewsbd Online News Paper