নয় দফা দাবিতে পঞ্চম দিনের মতো অবরোধ করেছে শিক্ষার্থীরা

সিলেট নিউজ বিডি ডেস্ক: সরকারি সিদ্ধান্তে দেশের সব শিক্ষা-প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হলেও নিরাপদ সড়ক ও দুই শিক্ষার্থীকে বাসচাপায় হত্যার বিচারসহ নয় দফা দাবিতে বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বৃষ্টি উপেক্ষা করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিজেদের স্কুল-কলেজের পোশাক পরে উত্তরা জসিম উদ্দীন রোড, সায়েন্স ল্যাবরেটরি, রামপুরা, বাড্ডা, ধানমন্ডি, মিরপুর-১০ গোলচত্বর, ফার্মগেট, শান্তিনগর সহ বিভিন্ন এলাকায় জড়ো হতে শুরু করেছে। এতে রাজধানীর বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

সকাল ১০টার পর থেকেই উত্তরার আশপাশের এলাকার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। তারা রাজপথে অবস্থান নেওয়ায় উত্তরার জসীমউদ্দিন মোড় থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে জড়ো হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা কলেজ, উত্তরা ইউনিভার্সিটি সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

সড়কগুলোতে শিক্ষাথীরা যানবাহনের লাইসেন্স চেক করা ছাড়াও নিজেদের নয় দফা দাবী আদায়ে নানা ধরনের শ্লোগান দিচ্ছে।

প্রসঙ্গত, গত রোববার দুপুরে ঢাকার বিমানবন্দর সড়কে বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী আবদুল করিম রাজীব ও দিয়া খানম নিহত হয়। তাদের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকায় ছাত্রবিক্ষোভ ছড়িয়ে পড়ে। গতকাল সরকারের তিন মন্ত্রী পৃথকভাবে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।